হরতালের আগেই উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগেই গতকাল মঙ্গলবার সারা দেশে উত্তাপ ছড়িয়েছে। রাজধানীতে পোড়ানো হয়েছে যানবাহন। দেশের বিভিন্ন স্থানে পুলিশের লাঠিপেটায় পণ্ড হয়ে গেছে হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ। চলেছে ধরপাকড়। হরতাল-সমর্থকদের রাস্তায় নামতেই দেয়নি পুলিশ।হরতাল শুরুর আগেই গতকাল রাজধানীতে ছয়টি বাস, দুটি কার ও একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় তাৎক্ষণিক বিচারের জন্য কাল রাজধানীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এসব ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত একজনকে এক বছরের এবং সাতজনকে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। চট্টগ্রামেও হরতালের সমর্থনে বিএনপির মিছিলে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।এসব ঘটনায় ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে ৪৩ জন আহত ও ৮১ জনকে আটক করেছে পুলিশ।হরতাল শুরু: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের প্রতিবাদে আজ বুধবার সকাল ছয়টা থেকে সারা দেশে শুরু হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল। শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল চলবে।বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যান্য শরিক বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিসও একই দাবিতে অভিন্ন কর্মসূচি পালন করবে। সমমনা দল ন্যাপ (ভাসানী), বাংলাদেশ ন্যাপ ও এনডিপি এ হরতালে সমর্থন দিয়েছে। ইসলামী আইন বাস্তবায়ন কমিটিও একই দাবিতে হরতাল ডেকেছে।এই ৪৮ ঘণ্টা হরতাল শেষে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর রোববার দিনরাত ও সোমবার দুপুর ১২টা পর্যন্ত (১০ ও ১১ জুলাই) সারা দেশে টানা ৩০ ঘণ্টার হরতাল ডেকেছে ধর্মভিত্তিক ও সমমনা ১২টি সংগঠন। তাই আজ থেকে ছয় দিন হরতাল ও ছুটির ফাঁদে পড়েছে দেশ।বিএনপি বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তি, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি তেলের সংকটের কারণে তারা হরতাল ডেকেছে। জামায়াত বলেছে, সংবিধান থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি তুলে দেওয়ার প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল; দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে তারা এ হরতাল আহ্বান করেছে।হরতাল সফল করতে বিএনপি গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করে। তবে পুলিশের বাধার কারণে একপর্যায়ে প্রচারপত্র বিতরণ বাতিল করা হয় বলে বিএনপির নেতারা অভিযোগ করেন।পুলিশের পাহারায় কেন্দ্রীয় কার্যালয়, ককটেল বিস্ফোরণ: হরতালকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কড়া পাহারায় রাখে পুলিশ। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। ওই কার্যালয়ে মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা অবস্থান করেন। দুপুর দুইটার কিছু পরে কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো পাশে বিএনপির মহানগর কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।নেতাদের মাঠে থাকার নির্দেশ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে বৈঠকে দলীয় নেতাদের হরতালের সময় মাঠে থাকার নির্দেশ দিয়েছেন।খালেদা জিয়া রোববার বৈঠক করেন ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে। এ বৈঠকে মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্য-সচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। সোমবার তিনি বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে।এলডিপির নৈতিক সমর্থন: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির ডাকা হরতালে তাঁর দলের নৈতিক সমর্থন আছে। তবে এতে তাঁরা সরাসরি অংশ নেবেন না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া যে ঐক্যের ডাক দিয়েছেন, তা সময়োপযোগী। তবে ডাক দিলেই হবে না, এর জন্য আলোচনার প্রয়োজন আছে।পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান: হরতালে নাশকতার তথ্য জানা থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু দুষ্কৃতকারী হরতালের আগের রাতে ও হরতাল চলাকালে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে ডিএমপি বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। কোথাও কোনো ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগ বা নাশকতার আশঙ্কা করলে, কোথাও এ ধরনের কিছু হলে নিকটস্থ থানা অথবা নিচের নম্বরগুলোতে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম: ৮৬১৪৩০০, ৯৬৬৫৪০৭, ০১৭১৩৩৯৮৩১১, ০১১৯১০০১১২২, ০১১৯১০০১১৩৩, গোয়েন্দা পুলিশ (ডিবি) কন্ট্রোল রুম: ৯৩৪১৪৯৩, ০১১৯১০০১১০০, ০১১৯১০০১১১১, ০১৬৭৮০২৪৬৫২।ঢাকায় গাড়িতে আগুন: গতকাল রাজধানীতে পৃথক ঘটনায় ছয়টি যানবাহন পোড়ানো হয়েছে। পুলিশ জানায়, দুপুরে মতিঝিল টিঅ্যান্ডটি কলোনির সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।বেলা সাড়ে তিনটার দিকে যাত্রাবাড়ীর মানিকনগরে শাহী পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিকেলে কাকরাইলের মুসাফির টাওয়ারের সামনে ইফাদ গ্রুপের একটি মিনি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। বিকেলে মিরপুরের কাজীপাড়া আল-হেলাল হাসপাতালের সামনে সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা ছয়টার দিকে রামপুরা সেতুর কাছে প্রচেষ্টা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।সন্ধ্যা সাড়ে ছয়টায় চানখাঁরপুলে ডি লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে মোতালেব (২৫) নামের একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। পরে মতিঝিল ও বংশাল এলাকায় আরও সাতজনকে এক মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহীতে মিছিল-লাঠিপেটা: হরতালের সমর্থনে বিএনপি নেতা-কর্মীদের মিছিল দাঁড়াতেই দেয়নি পুলিশ। নেতা-কর্মীরা দফায় দফায় মিছিলের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০ জন আহত হন। আটক হন চারজন। বিকেল থেকে ভুবন মোহন পার্কে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুসহ দলের নেতা-কর্মীদের পুলিশ অবরুদ্ধ করে রাখে। বিকেল সাড়ে পাঁচটার দিকে হেতেম খাঁ এলাকায় বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়ে মিছিল বের করে ভুবন মোহন পার্কের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।একই সময় রাজশাহী কলেজের সামনে থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। এ ছাড়া মালোপাড়া মোড়েও পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দেয়।বরিশালে সংঘর্ষ: মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বিকেলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে সন্ধ্যায় মিছিল হয়। মিছিলটি অশ্বিনীকুমার হল চত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির একপর্যায়ে মিছিলকারীরা ইটপাটকেল ছোড়া শুরু করে। পুলিশও পাল্টা লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় সদর রোড ও এর আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে সাংবাদিক, পথচারীসহ ১০-১২ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মহানগর ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল আলম, এ কে এম নয়ন, শহীদ মোল্লাসহ চারজনকে আটক করে।বিকেল চারটায় জেলা বিএনপির সভাপতি আহসান হাবীবের নেতৃত্বে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি জেলা জজ আদালত ভবনসংলগ্ন ফজলুল হক এভিনিউতে পৌঁছালে পুলিশ পেছন থেকে লাঠিপেটা শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের কর্মী উজ্জল, সাইদ ও সোহেলকে আটক করে। তাঁদের রক্ষা করতে গেলে আহসান হাবীব লাঠিপেটার শিকার হন।বিকেলে সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার, এ কে এম শহিদুল্লাহ, কাউন্সিলর মীর জাহিদুল কবির ও সাইফুল আহসান আজিমের বাসায় অভিযান চালায় পুলিশ।খুলনায় আটক ২৮: সোমবার বিকেল থেকে গতকাল ভোর পর্যন্ত সদর থানা, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াতের ২৮ নেতা-কর্মীকে আটক করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছে।সিরাজগঞ্জে ধরপাকড়: পুলিশ বাসাবাড়িসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা জামায়াতের আমির আবদুল লতিফ, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক রফিক সরকারসহ উভয় দলের নয়জন নেতা-কর্মীকে আটক করেছে। সদর থানার ওসি মোস্তফা হারুন বলেন, হরতালের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল বের করায় তাঁদের আটক করা হয়েছে। উল্লাপাড়া থানার পুলিশ বিকেলে উপজেলার দুর্গানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাককে আটক করে।কুড়িগ্রামে গ্রেপ্তার ২৬: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুলিশ জামায়াতে ইসলামীর ২৬ জনকে গ্রেপ্তার করেছে। ভূরুঙ্গামারীতে হরতালের সমর্থনে মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষে ওসিসহ ১০ জন আহত হন।রাজারহাট থানার ওসি সাদেকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজারহাট জামায়াত কার্যালয়ে হরতালের সমর্থনে বৈঠক করার সময় ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।সন্ধ্যা ছয়টায় ভূরুঙ্গামারী সোনালী ব্যাংকসংলগ্ন বিএনপির কার্যালয় থেকে হরতালের সমর্থনে মিছিল শুরু হওয়া মাত্র পুলিশ লাঠিপেটা করে। পুলিশের লাঠিপেটা ও সংঘর্ষে বিএনপির উপজেলা সভাপতি কাজী মুস্তফা, সম্পাদক শাহীন শিকদার, জামায়াতের জেলা আমির আজিজুর রহমান, ওসি কফিলউদ্দীনসহ ১০ জন আহত হন। ঝালকাঠি: বিএনপির নেতা-কর্মীরা গতকাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তন চত্বর থেকে মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছাত্রদলের একজন কর্মীকে আটক করা হয়।রংপুরে মিছিল পণ্ড: শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে জেলা বিএনপির কার্যালয় থেকে দুপুর ১২টার দিকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে শহরের সেনপাড়া থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমেদ খানকে আটক করে পুলিশ।নারায়ণগঞ্জে মিছিল পণ্ড: দুপুরে শহরের মিশনপাড়ায় মিছিল বের করা হলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এদিকে শহর ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা হয়।ফরিদপুরে লাঠিপেটা: সদরপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক কাজী বদরুজ্জামানের নেতৃত্বে সকালে আদালত চত্বর থেকে মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণকালে সদরপুর থানা মোড়ে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায়। জেলা বিএনপি বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ ও মিছিল করে।