হরতালের আগেই উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংস অবরোধের পর এক দিন বিরতি দিয়ে আজ মঙ্গলবার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। হরতালের আগেই গতকাল উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীসহ সারা দেশ। সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হন। এরপর ঢাকা ও ঢাকার বাইরে অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় অন্তত ২০টি গাড়িতে।ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর জেলা ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের জন্য হরতাল ডেকেছে বিএনপি।এদিকে আজকের হরতাল সফল করতে বিরোধী দলের ব্যাপক প্রস্তুতির পাশাপাশি হরতাল প্রতিরোধে মাঠে থাকবে সরকারি দলও। আর পুলিশ বলছে, কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে এসব পক্ষের মারমুখী অবস্থানে জনমনে ভীতি ও আতঙ্ক দেখা দিয়েছে।গত রোববার রাজপথ অবরোধ কর্মসূচি পালনের সময় হত্যা এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে আজকের হরতাল ডাকা হয়। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিরোধী দল এ আন্দোলন করছে।হরতালের সমর্থনে গতকাল বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু জরুরি সংবাদ সম্মেলন ডেকে সমাবেশ স্থগিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সকাল থেকে র্যা ব-পুলিশ ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বিএনপির কার্যালয় ঘিরে আশপাশের এলাকায় অবস্থান নিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করছেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ এ পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। এ অবস্থায় বিক্ষোভ-সমাবেশ স্থগিত করা হচ্ছে।ফখরুল গ্রেপ্তার: ঢাকা মহানগর পুলিশ জানায়, গাড়ি ভাঙচুরের মামলায় গতকাল সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ধ্যা ছয়টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়া মাত্র তাঁকে ঘিরে ধরে ডিবির একটি দল। এ সময় একজন কর্মকর্তা ফখরুলের হাত ধরতে গেলে তিনি হাত ধরতে নিষেধ করেন। এরপর তাঁকে একটি সাদা মাইক্রোবাসে তুলে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নেওয়া হয়। বিরোধীদলীয় নেতার সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেকের বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, পল্টন থানায় দায়ের হওয়া একটি বর্জ্যবাহী কনটেইনার ট্রাক ভাঙচুরের মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্ত করছে পল্টন থানা।পুলিশ জানায়, ঢাকা সিটি করপোরেশনের গাড়িচালক মো. আয়নাল মামলাটির বাদী। এ মামলায় মির্জা ফখরুল ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অজ্ঞাতনামা দুই-আড়াই শ লোককে আসামি করা হয়েছে। আসামিরা মিছিল থেকে লাঠিসোঁটা নিয়ে ট্রাকটিতে হামলা চালান।মির্জা ফখরুলকে গ্রেপ্তারের পর রাতে ওকালতনামায় সই করাতে ডিবির কার্যালয়ের ফটকে যান বিএনপিপন্থী আইনজীবীরা। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকও তাঁদের সঙ্গে ছিলেন।এর আগে ১৬ মে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ফখরুল। ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে একটি বাসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় তাঁকে আসামি করা হয়েছিল।লাগাতার কর্মসূচির হুমকি: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তারের পর দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তাঁর মুক্তি দাবি করেন রুহুল কবির রিজভী। সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে সরকারকে ভয়াবহ কর্মসূচির সম্মুখীন হতে হবে। হরতালের পর লাগাতার কর্মসূচি দেওয়া হবে।গাড়িতে আগুন, ভাঙচুর: ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, রাজধানীতে ১৩টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে মিরপুর চিড়িয়াখানা সড়ক, উত্তরা থানার সামনে, আজমপুর, আবদুল্লাহপুর, কারওয়ান বাজার, ফার্মগেট, দারুস সালামের টেকনিক্যাল মোড়, আগারগাঁও, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে একটি করে বাস এবং উত্তরায় কার, পুরান ঢাকার রায়সাহেব বাজারে কাভার্ড ভ্যান, আবদুল্লাহপুরে হিউম্যান হলার ও খিলগাঁওয়ে একটি ম্যাক্সিতে আগুন দেয় দুর্বৃত্তরা।চট্টগ্রামে বিএনপির কার্যালয় এলাকায় সন্ধ্যায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলের একটি অংশ লাভ লেইনের দিকে ও অন্যটি কাজীর দেউড়ি হয়ে আসকার দীঘির পাড় এলাকায় চলে যায়। মিছিলকারীরা এ সময় এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করলে পুলিশ বাধা দেয় এবং দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। রাতে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা।সিলেটের আম্বরখানা এলাকায় বিকেলে বিএনপির নেতা-কর্মীরা হরতালের পক্ষে মিছিল বের করলে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে তা পণ্ড করে দেয়। এতে ২০ জন আহত হন।বরিশালে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ অর্ধশত রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।রাজশাহীতে কড়া পুলিশি পাহারায় গতকাল বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। সকাল থেকেই পুলিশের সদস্যরা নগরের ভুবন মোহন পার্কের পশ্চিমে ও মালোপাড়া পুলিশ ফাঁড়ির দক্ষিণে অবস্থান নিয়ে বিএনপির কার্যালয় ঘিরে রাখেন। সাহেববাজার জিরো পয়েন্টেও বিপুলসংখ্যক পুলিশ নামানো হয়। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের দুপুর পর্যন্ত মহানগর কার্যালয়ে অবরোধ করে রাখে।নগরের তিনটি জায়গায় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটার মধ্যে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় মানুষ আতঙ্কে দিগিবদিক ছুটতে থাকে। ঘটনার পর পুলিশ সাতজনকে আটক করেছে।এ ছাড়া ময়মনসিংহ, মাগুরা, গাজীপুর থেকেও বিচ্ছিন্ন সংঘর্ষের খবর এসেছে।