হরতালের কারণে ঘরমুখো মানুষের মধ্যে উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে ঘরমুখো মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। রাজধানীর যেসব মানুষ বাস, ট্রেন ও লঞ্চের অগ্রিম টিকিট কেটেছেন, তাঁদের উদ্বেগ আরও বেশি। ট্রেন চলবে কি না, চললে স্টেশনে পৌঁছানো যাবে কি না, আদৌ বাস-লঞ্চ চলবে কি না—এসব বিষয়ে যাত্রীরা কোনো কিছুই জানতে পারছেন না। অনেকে গতকাল শনিবার প্রথম আলো কার্যালয়ে ফোন করে তাঁদের উৎকণ্ঠার কথা জানিয়েছেন।বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়েই সব ট্রেন ছেড়ে যাবে। সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনও (বিআরটিসি) বাস চালাবে বলে জানিয়েছে। তবে বেসরকারি বাসমালিকেরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন।বাড্ডার বাসিন্দা আজাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ১৪ নভেম্বরের (আজ) ট্রেনের টিকিট কেটেছি। হরতাল হলে পরিবারের সদস্যদের নিয়ে কীভাবে স্টেশনে পৌঁছাব, সে চিন্তায় অস্থির হয়ে গেছি।’রাতে পুরান ঢাকা থেকে ফোন করে আসাদুল হক জানান, তিনি যশোরে যাওয়ার জন্য হানিফ পরিবহনের অগ্রিম টিকিট কেটেছেন। গতকাল রাতে ওই কোম্পানির টিকিট কাউন্টারে ফোন করলেও তাঁরা কোনো সমাধান দিতে পারেননি। এখন কী করবেন তিনি বুঝতে পারছেন না।বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক টি এ চৌধুরী প্রথম আলোকে বলেছেন, হরতাল হলেও সময়মতো সব ট্রেন ছাড়বে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রেলওয়ের নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশকে বিশেষ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে ট্রেনেও পর্যাপ্ত পুলিশ দেওয়া হবে।রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) আখতারুজ্জামান জানান, ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যেসব ট্রেন চলবে, সেগুলোর জন্য অগ্রিম প্রায় ১৫ হাজার টিকিট বিক্রি করা হয়েছে। ঈদের ছুটির দুই দিন আগে আরও কয়েক হাজার লোক আসনবিহীন টিকিটে ভ্রমণ করে। সব মিলিয়ে আজ ট্রেনে অন্তত দুই লাখ মানুষের ভ্রমণের কথা।বিআরটিসির চেয়ার-ম্যান এম এম ইকবাল জানান, গতকাল ঢাকায় তাঁদের একটি বাস পোড়ানো হয়েছে। তার পরও আজ পুলিশের সহায়তায় বাস চালানো হবে।খিলগাঁওয়ের বাসিন্দা আনিসুর রহমান জানান, তিনি পরিবার নিয়ে রাজশাহী যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন। আজ যেতে না পারলে যাওয়াই হবে না।শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, তাঁরা হরতাল প্রত্যাহারের অপেক্ষায় আছেন। এর বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। সরকারের সঙ্গে সমস্যা হলে আলোচনার উদ্যোগ নেওয়া যেত। কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে তাঁদের কোনো হাত নেই। তিনি জানান, যাত্রীরা বারবার ফোন দিয়ে জানতে চাইছেন। তাঁরা বলে দিচ্ছেন, কেউ টাকা ফেরত নিতে চাইলে দেওয়া হবে। আর যাঁরা টাকা ফেরত নেবেন না, তাঁদের রাতে বা বিকেলে পারাপার করা যায় কি না, সেই চিন্তা করছেন।