গত সপ্তাহে চার দিনের হরতালের প্রভাবে রাজধানীর কাঁচাবাজারগুলোতে মাছ, শাকসবজি, পেঁয়াজ, আদা, রসুনসহ প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে চালের দাম স্থিতিশীল রয়েছে। পণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছে মধ্যবিত্ত, সীমিত ও নিম্ন আয়ের মানুষ।গতকাল শুক্রবার কারওয়ান বাজার, মহাখালী ও উত্তরা এলাকার কাঁচাবাজার ঘুরে পণ্যমূল্য বৃদ্ধির চিত্র পাওয়া গেছে। বিক্রেতারা জানান, রাজনৈতিক অস্থিরতা ও হরতালের কারণে শাকসবজি ও অন্যান্য পণ্য ঢাকায় আসতে পারেনি। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় দাম বেড়েছে।শাকসবজি: দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের শাকসবজির দাম কেজিপ্রতি পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগে ৩০ টাকায় নেমে আসা শিম গতকাল প্রতি কেজি বিক্রি হয় ৩৫ থেকে ৪০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে মানভেদে ১৫ থেকে ২৫ টাকায়। ২৫ থেকে ৩০ টাকার কমে ফুলকপি কিংবা বাঁধাকপি মিলছে না।এক কেজি মুলা ২০ থেকে ২৫ টাকা, করলা ১০০ টাকা, গোলবেগুন ৪০ থেকে ৫০ টাকা, পোটল ৮০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা।কারওয়ান বাজার কিচেন মার্কেটের সবজি বিক্রেতা আবদুর রউফ জানান, মূলত হরতালের কারণে উত্তরবঙ্গ থেকে সবজি আসেনি। ঢাকার আশপাশের জেলা থেকে সবজি এসেছে। তাই চাহিদার তুলনায় বাজারে সবজি কম, দামও একটু বেশি।সকালে উত্তরা কুশল সেন্টারের কাঁচাবাজারে আসেন গৃহিণী তাহেরা বেগম। তিনি এই প্রতিবেদককে জানান, গত কয়েক দিন কাঁচাবাজার করতে পারেননি। কিন্তু এখন দেখেন যে সবজির দাম অনেক বেড়ে গেছে।চালের বাজার স্থিতিশীল: এক মাস ধরে সব ধরনের চালের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। গতকাল দেখা গেছে, মানভেদে মিনিকেট চালের দাম কেজিপ্রতি ৪৪ থেকে ৪৮ টাকা। ৪২ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। ৩০ টাকার নিচে স্বর্ণাজাতের মোটা চালও পাওয়া যাচ্ছে না।কারওয়ান বাজারের জনতা রাইস এজেন্সির স্বত্বাধিকারী ইব্রাহিম খলিল জানান, বৈশাখ মাসে নতুন চাল উঠবে। তাই চালের দাম বাড়ার আর সম্ভাবনা নেই।এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ থেকে সাত টাকা বেড়েছে। বাজারে আমদানি করা এক কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা, দেশি পেঁয়াজের দাম ৩৫ টাকা। গত সপ্তাহের চেয়ে আলুর দামও কেজিতে দুই টাকা বেড়েছে।এক মাসে রসুনের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। আমদানি করা এক কেজি রসুন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। দেশি রসুনের দাম কেজিপ্রতি ৫০ টাকা। কেজিতে ১০ টাকা বেড়ে মানভেদে আদা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।তবে ভোজ্যতেলের দাম বাড়েনি। পাঁচ লিটারের বোতলজাত ভোজ্যতেলের দাম ৬৫০ থেকে ৬৬৫ টাকা। বাড়েনি ডালের দামও। এক কেজি ক্যাঙ্গারু ডালের দাম ১৪০ টাকা। দেশি ডাল ১৩০ থেকে ১৩৫ টাকা এবং মোটা ডাল ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।মাছ-মাংস: এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম বেড়েছে। বিক্রেতারা রুই মাছ কেজিপ্রতি ২২০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হাঁকছেন। ৬০০ টাকার নিচে বড় আকারের এক কেজি চিংড়ি মাছ মিলছে না। বিভিন্ন আকারের তেলাপিয়া মাছ কেজিপ্রতি ১৪০ থেকে ১৮০ টাকায় ওঠানামা করছে। পাঙাশ মাছ ১৪০ থেকে ১৬০ টাকা কেজি। মাঝারি আকারের একটি ইলিশের দাম ৬০০ থেকে ৬৫০ টাকা। এক কেজি গরুর মাংস ২৭০ থেকে ২৮০ টাকা, খাসির মাংস ৪৫০ থেকে ৪৬০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৪৫ থেকে ১৫০ টাকা। মাঝারি আকারের একটি দেশি মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ২৫০ টাকা।