হরতালের গুজব ছড়াচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। কিন্তু সরকার হরতালের গুজব ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এমন অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৬তম জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার সকালে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘উচ্ছেদে’র প্রতিবাদে ঈদের আগে ১৪ নভেম্বর দেশব্যাপী হরতাল ডাকে বিএনপি। ঈদের পর রোববারও হরতাল ডাকা হয়েছে বলে সারা দেশে গুজব রয়েছে। এ বিষয়ে নিশ্চিত হতে অসংখ্য মানুষ দুই দিন ধরে সংবাদমাধ্যমে ফোন করছে।এ গুজবের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমরা ইতিমধ্যে বলেছি, দলের স্থায়ী কমিটির বৈঠকে আন্দোলন কর্মসূচি চূড়ান্ত হবে। কিন্তু সরকার পরিকল্পিতভাবে হরতালের অপপ্রচার চালাচ্ছে।’সৈয়দ আশরাফের বক্তব্য নাকচ: একই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জাতীয় সংসদে এসে অনাস্থা প্রস্তাব উত্থাপন-সংক্রান্ত সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য নাকচ করে দেন। তিনি বলেন, ‘সংসদে সরকারি দলের আসনসংখ্যা আড়াই শর অধিক। সৈয়দ আশরাফ অনাস্থা প্রস্তাবের যে কথা বলেছেন, উনি ভালো করেই জানেন, আসনসংখ্যার ভিত্তিতে সেই প্রস্তাব আনার সুযোগ নেই। অনাস্থা প্রস্তাব এনে কী হবে, তা তো বুঝি।’আগের দিন শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির উদ্দেশে বলেছিলেন, সরকারের পতন ঘটাতে হলে সংসদে এসে অনাস্থা প্রস্তাব দিন, নইলে আরও তিন বছর অপেক্ষা করুন। নির্বাচন ছাড়া সরকার বদলের আর কোনো পথ নেই।গয়েশ্বর রায় বলেন, সৈয়দ আশরাফ অপেক্ষা করতে বলেছেন। স্বৈরাচার এরশাদও নির্বাচন করে ক্ষমতায় ছিলেন। কিন্তু মেয়াদ পূরণ করতে পারেননি। তাঁর বিরুদ্ধে আন্দোলন যদি বেআইনি না হয়, তাহলে বর্তমান সরকার পতনের আন্দোলনও বেআইনি হবে না।বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আয়োজনে এই ক্যাম্পে গতকাল স্বেচ্ছায় রক্তদান ও বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।জন্মদিনে নানা আয়োজন: রাজধানীসহ বিভিন্ন জেলা-উপজেলায় গতকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো তারেক রহমানের জন্মদিন পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্যসেবা, মিলাদ মাহফিল ইত্যাদি। কেন্দ্রীয়ভাবে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া, জাতীয়তাবাদী ছাত্রদল দিনব্যাপী কোরআনখানি ও বিকেল তিনটায় কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে যুবদল আগের দিন কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে। এসব অনুষ্ঠানে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।