হরতালের গুজব ছড়ানোর অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের গুজব ছড়িয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের আচরণ দেখে হরতালের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন। এ নিয়ে গুজব ছড়ানোর কোনো প্রয়োজন নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রয়োজন হলে বিএনপি নিজেরাই সিদ্ধান্ত নেবে।আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্পে’র উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।মির্জা ফখরুল আরও বলেন, ‘দলের স্থায়ী কমিটির বৈঠকের পর আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করা হবে, এ ঘোষণা আমরা আগেও দিয়েছি। এর পরও সরকার ইচ্ছা করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’এ সময় ড্যাবের মহাসচিব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।ঈদের তিন দিন আগে ১৪ নভেম্বর (রোববার) সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতালের ডাক দেয় বিএনপি। বিরোধী দলের পক্ষ থেকে হরতাল সফল হয়েছে বলে দাবি করা হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, জনগণ এ হরতাল প্রত্যাখ্যান করেছে। এ দিনের হরতাল ছিল বর্তমান সরকারের সময়ে বিএনপির ডাকা দ্বিতীয় হরতাল।