দলের নেতা-কর্মীদের হরতালের জন্য প্রস্তত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি ১৯ মে ঢাকার সমাবেশ থেকে এই সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। আজ বুধবার রাজশাহীতে বিএনপির মহাসমাবেশে খালেদা জিয়া এ কথা বলেন।রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত মহাসমাবেশে খালেদা জিয়া বলেন, এই সরকারের হাতে মানুষের জানমালের আর নিরাপত্তা নেই। তাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু এই সমাবেশে সভাপতিত্ব করেন। বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে সমাবেশ শুরু করা যায়নি। বিকেল চারটার সময় বৃষ্টি একটু কমলে খালেদা জিয়া মঞ্চে ওঠেন। তিনি বিকেল চারটা ১০ মিনিট থেকে পাঁচটা ২২ মিনিট পর্যন্ত একটানা বক্তব্য দেন। তিনি বলেন, ধানের শীষের শক্তি হচ্ছে, রাজশাহীর জনগণ কিন্তু ফখরুদ্দীন ও মইন উ আহমেদের নীল নকশার নির্বাচনের মাধ্যমে এই এলাকার আসনগুলো কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি।এই সরকার ফখরুদ্দীন ও মইন উ আহমেদের মনোনীত সরকার। জনগণের সরকার নয়। এ জন্য তারা জনগণের কাছে যে ওয়াদা করেছিল, তা রক্ষা করেনি। তারা ওয়াদা করেছিল, ১০ টাকা কেজি চাল খাওয়াবে, বিনামূল্যে সার দেবে। এখন চালের কেজি ৩২ টাকা। সারের দাম বিএনপির আমলের চেয়েও বেশি।খালেদা জিয়া বলেন, আজ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আরও কি কি লীগ সারা দেশে টেন্ডারবাজি দখলবাজি করছে। তাদের অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ। খালেদা জিয়া বলেন, যারা দলের লোকদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশ চালাবে কীভাবে? তাদের লুটপাটে দেশ সর্বস্বান্ত হতে বসেছে।বিএনপির চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগের চুক্তির পর থেকে পদ্মা নদী শুকিয়ে গেছে। আবার তারা ভারতের স্বার্থে টিপাইমুখে বাঁধ দেওয়ার কথা বলছে। তাহলে সারা দেশই শুকিয়ে যাবে। তিনি বলেন, ভারত ষড়যন্ত্র করছে আর সরকার নীরব থাকছে। এ সরকার দেশপ্রেমিক নয়। তারা ভারতকে চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর ব্যবহার করতে দেবে, বাংলাদেশের বুকের ওপর দিয়ে ভারত থেকে ভারতে যাওয়ার রাস্তা করে দেওয়া হবে। তাহলে দেশের সার্বভৌমত্ব থাকবে না।নগরের বিভিন্ন এলাকায় দেড় শ মাইকে সমাবেশের বক্তব্য প্রচারের ব্যবস্থা করা হয়।মহাসমাবেশ উপলক্ষে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সমাবেশস্থলে সাতটি সিসি ক্যামেরার মাধ্যমে দৃশ্য ধারণ করা হয়। রাজশাহীতে এই প্রথম কোনো সমাবেশে সিসি ক্যামেরা বসানো হয়।