হরতালের তাল কেটে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করায় এবং বিল রক্ষার আন্দোলনে সংঘটিত সহিংসতার ঘটনায় করা মামলায় খালেদা জিয়াকে সরাসরি আসামি না করায় আগামীকালের হরতাল সফল করা নিয়ে বিপাকে পড়েছে বিএনপি। দলীয় নেতারা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে এই হরতালের গুরুত্ব কমে গেছে। হরতাল নিয়ে দলের নেতাদেরও নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। বিএনপি কাল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিই ছিল হরতাল আহ্বানের প্রধান কারণ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়িয়ল বিলে বিমানবন্দর না করার ঘোষণা দিয়েছেন। আর খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করা হলেও স্থানীয় থানা তা এজাহারভুক্ত না করে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নিয়েছে। তবে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘বিএনপি কেবল এ ইস্যুতে হরতাল ডাকেনি। আড়িয়ল বিলে সহিংস ঘটনায় যাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাঁদের মামলাও প্রত্যাহার করতে হবে। আটক ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি দিতে হবে। এ ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, শেয়ারবাজার ধসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিগুলো তো রয়েই গেছে।’ বিএনপির দলীয় সূত্র জানায়, হরতাল কর্মসূচি ঘোষণার ব্যাপারে প্রথম থেকেই দলের মধ্যে দ্বিমত ছিল। মূলত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ১ ফেব্রুয়ারি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ৭ ফেব্রুয়ারি হরতাল পালনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত দলের তরুণ নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা হরতাল পালনের ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করেন। কিন্তু সেখানে হরতাল পালনের সিদ্ধান্ত চূড়ান্ত না করে পরদিন বুধবার সারা দেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। সূত্র জানায়, ওই রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়া খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, সহসভাপতি সাদেক হোসেন খোকা, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কয়েকজন নেতা আড়িলয় বিল ইস্যুতে হরতাল দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসনকে অনুরোধ করেন। সূত্র মতে, আমানউল্লাহ খালেদা জিয়াকে বলেছেন, চলমান ইস্যুতে কর্মসূচি দেওয়া হলে দেশবাসীর সামনে বিএনপির পক্ষ থেকে একটি সফল হরতাল পালনের নজির তুলে ধরা সম্ভব হবে। একাধিক নেতার যুক্তি ছিল, আড়িয়ল বিল এলাকার মানুষ এই হরতালে স্বতঃস্ফূর্ত অংশ নিলে কর্মসূচি কঠোরভাবে পালন করা সম্ভব হবে। কারণ এই ইস্যুতে ইতিমধ্যে সাধারণ মানুষ রাস্তায় অবস্থান নিয়েছে। সূত্র জানায়, খালেদা জিয়া নেতাদের কথায় সন্তুষ্ট হওয়ার পরই হরতাল কর্মসূচি চূড়ান্ত হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনটি হরতালই খালেদা জিয়ার ইচ্ছায় পালিত হয়েছে। তবে এবার হরতালের জন্য মধ্যম সারির নেতারা খালেদা জিয়াকে অনুরোধ করেছেন। এর আগে পালিত তিনটি হরতালের মধ্যে দুটিই ডাকা হয়েছিল খালেদা জিয়ার বাড়ির ইস্যুতে। এ নিয়ে দলটিকে কঠোর সমালোচনার মুখোমুখি হতে হয়। অন্য হরতালের কারণও ছিল অন্য কটি বিষয়ের সঙ্গে তারেক, কোকোর মামলা প্রত্যাহারসহ জিয়া পরিবারের ইস্যু নিয়ে। কিন্তু এসব হরতালে মূল দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল খুবই কম। এ নিয়ে খালেদা জিয়া বিশেষ করে যুব ও ছাত্রদলের ওপর ক্ষোভও প্রকাশ করেন। আগামীকালের হরতাল সফল করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চারদলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামী ও সমমনা কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপির নেতারা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করছেন। নেতা-কর্মীদের মাঠে নামাতে অঙ্গ-সহযোগী সংগঠন ও ঢাকার আশপাশের জেলার নেতাদের সঙ্গে দুটি যৌথ সভাও করেছে বিএনপি। কালকের হরতালের যৌক্তিকতা সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অনেক ইস্যুতে বিএনপির এই হরতাল। সরকার এর সব কটি পূরণ করলে হরতাল হবে না। তিনি দাবি করেছেন, বিএনপি জনস্বার্থে হরতাল ডেকেছে। সফল হরতাল করেই সরকারের জনবিরোধী কাজের জবাব দেওয়া হবে। জামায়াতের সমর্থন: বিএনপির ডাকা হরতালে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল বিকেলে পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম দলের এই অবস্থানের কথা জানান। গত বৃহস্পতিবার রাতে জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করে হরতালে সমর্থন চায় বিএনপি। সমাবেশটি মুক্তাঙ্গনে হওয়ার কথা থাকলেও পুলিশ তাদের সেখানে যেতে না করেছে বলে জানান তিনি। হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে দলের কর্মপরিষদের সদস্য মশিউল আলম, প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম, ইজ্জত উলাহ, এ টি এম মাছুম, নুরুল ইসলাম, আবদুল হালিম বক্তব্য দেন।