হরতালের তৃতীয় দিনে ঢাকায় ১৪টি গাড়ি ভাঙচুর ও আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দুই দিনের চেয়ে গতকাল মঙ্গলবারের হরতালে রাজধানী ঢাকায় গাড়ি ভাঙচুরের ঘটনা ছিল বেশি। ঢিলেঢালা এই হরতালে আগের দুই দিনের তুলনায় গাড়ি চলাচলও ছিল বেশি। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, গতকাল হরতাল-সমর্থকেরা রাজধানীর বিভিন্ন স্থানে ১৪টি গাড়ি ভাঙচুর ও দুটিতে আগুন দিয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ২৪ জনকে আটক করেছে পুলিশ।ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অর্ধশত যানবাহন ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া আরও ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সারা দেশে হরতাল-সমর্থক ১২৪ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ঢাকার বাইরে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫০ জন।বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল তৃতীয় দিনের মতো সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে দলটি। ঢাকায় হরতাল-সমর্থকদের দেখামাত্র লাঠিপেটা করেছে পুলিশ। হরতাল-সমর্থকেরাও বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ, মিছিল ও ককটেল ফাটিয়েছে।গাড়িতে আগুন ও ভাঙচুর: সকালে ছাত্রদলের তেজগাঁও কলেজ শাখার ব্যানার নিয়ে ২০-২৫ জন তরুণ লাঠিসোঁটা নিয়ে কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে মিছিল বের করেন। তাঁরা একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেন এবং কাভার্ড ভ্যান ভাঙচুর করেন।সকাল ১০টায় হরতাল-সমর্থকেরা আগারগাঁওয়ে যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে পড়ে। পরে দমকল বাহিনীর লোকজন গিয়ে আগুন নেভায়।বেলা পৌনে ১২টায় মিরপুর ১ নম্বরে বৈশাখী সুপার মার্কেটের সামনে হরতাল-সমর্থকেরা একটি বাস ভাঙচুর করে। এ সময় পুলিশ চারজন সন্দেহভাজনকে আটক করে। তাঁরা হলেন: জিকরুল (২৮), ফারুক (৩০), বাবুল (২১) ও দুলাল (৩৭)। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, এই চারজনের বিরুদ্ধে মামলা করা হবে।বেলা দেড়টার দিকে মালিবাগ রেলগেটের কাছে ৫০-৬০ জনের একটি দল মিছিল নিয়ে এসে রাস্তায় চলাচলকারী গাড়িতে ইট মারতে থাকে। পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। সেখান থেকে কামাল নামে একজনকে সন্দেহমূলক আটক করে পুলিশ। স্থানীয় লোকজন জানায়, কামাল একজন রংমিস্ত্রি।সকাল আটটার দিকে মালিবাগ কাঁচাবাজারের পাশে স্বেচ্ছাসেবক দল মিছিল বের করে। তাঁরা একটি লেগুনা গাড়ি ভাঙচুর করে।বেলা ১০টায় মহাখালীর টিবি গেট পানির ট্যাংকির গলি থেকে ছাত্রদলের একটি মিছিল বের হয়। তারা মহাখালী-গুলশান সড়কে তিনটি অটোরিকশাসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রদলের কর্মীরা পালিয়ে যান।বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ: মহাখালীর পানির ট্যাংকির উল্টোদিকে দুপুর সোয়া ১২টার দিকে ২০-২৫ জন যুবক কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ ধাওয়া দিলে যুবকেরা পালিয়ে যান। সাড়ে ১২টার দিকে মহাখালীর কলেরা হাসপাতালের সামনে রাস্তায় একটি বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ সাত-আটটি গাড়ি ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা। পরে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। গুলশান ১ নম্বর মোড়ে সকাল সাড়ে ১০টার দিকে পর পর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। একটি সাদা রঙের প্রাইভেট কার থেকে ককটেলগুলো ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।বেলা একটায় মগবাজার মোড়ে কে বা কারা পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় ৎবের দুটি গাড়ি রাস্তায় দাঁড়ানো ছিল। একটু দূরেই ছিল পুলিশের আরেকটি দল। এ ঘটনায় পলাশ নামে ৮-১০ বছরের এক শিশুকে আটক করা হয়। ৎবের একজন সদস্য সাংবাদিকদের বলেন, তাঁদের গাড়ি লক্ষ্য করেই ককটেল দুটি ছোড়া হয়। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। এর আগে বেলা ১১টায় সিদ্ধেশ্বরী কলেজের সামনে পুলিশের ভ্যান লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়।মিছিল-সমাবেশ: বিএনপির সাংসদেরা গতকালও সংসদ ভবন চত্বরে মিছিল বের করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন। এরপর তাঁরা দক্ষিণ প্লাজায় সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বিএনপির নেতা এম কে আনোয়ার বলেন, দেশের মানুষের স্বাধীনতা নেই। গুম-হত্যা চলছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মানুষের সব অধিকার খর্ব করা হয়েছে।সাংসদ আশিফা আশরাফি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের উদ্দেশে বলেন, ‘তিনি এখন ইলিয়াস আলীর ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন। কিন্তু তিনি নিজেই একজন ইভ টিজার। কুষ্টিয়ার মানুষ জানে, কীভাবে তিনি মেয়েদের উত্ত্যক্ত করেছেন।’আগের দুই দিনের মতো গতকালের হরতালেও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অল্প কয়েকজন নেতা ভেতরে অবস্থান নেন। সকালে নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট থেকে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল বের করেন। মিছিল মাজার গেট দিয়ে বের হয়ে শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধার মুখে পড়ে আবার মাজার গেট দিয়ে ফিরে এসে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে যায়। সেখানে আবার পুলিশ বাধা দিলে আইনজীবীরা ফটকের ভেতরে সংক্ষিপ্ত সমাবেশ করেন।জামায়াতের মিছিল, দুজন আটক: গতকাল হরতালের সমর্থনে রাজধানীর মিরপুর ১০ নম্বর ও যাত্রাবাড়ী এলাকায় দুটি মিছিল বের করে জামায়াতে ইসলামী। যাত্রাবাড়ীর মিছিল থেকে আলাউদ্দিন ও কবির হোসেন নামে দুজনকে আটক করে পুলিশ।হান্নান শাহর বাসায় অভিযান: গত সোমবার রাতে মহাখালী ডিওএইচএসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের বাসায় পুলিশ অভিযান চালায়। কিন্তু রাতের বেলায় দরজা খুলতে রাজি হননি হান্নান শাহ। রাতভর পুলিশ বাড়ির নিচে অবস্থান করে। ভোরে দরজা খুললে পুলিশ বাড়ির ভেতরে ব্যাপক তল্লাশি করে। অভিযানে থাকা পুলিশের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, নাশকতা সৃষ্টির জন্য ওই বাড়িতে একদল লোক গোপন বৈঠক করছিল বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে বাড়ির সদস্যরা ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।হান্নান শাহ অভিযোগ করেন, তাঁকে হয়রানি করার জন্য এই অভিযান চালানো হয়েছে।সেলিমা রহমানের জামিন: সোমবার হরতালে গ্রেপ্তার হওয়া বিএনপির নেত্রী সেলিমা রহমানসহ তিনজনকে গতকাল জামিনে মুক্তির জন্য আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম আবদুল কাদের। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া বাকি সাতজনের জামিনের আবেদন নাকচ করে দেন আদালত।সেলিমা রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, ১০ জনের পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। আদালত একই এজাহারের তিনজনের জামিন দিয়েছেন, বাকি সাতজনের রিমান্ড ও জামিনের আবেদন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তিনি বলেন, আজ বুধবার সাতজনের জামিনের আবেদন করা হবে।