হরতালের দিনে চট্টগ্রামে শক্তিশালী ৫ বোমা উদ্ধার
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) কাছে একটি ভবন থেকে গতকাল রোববার দুপুরে পাঁচটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। বোমার সঙ্গে হাতে লেখা একটি চিঠিও পাওয়া গেছে। এতে তিনটি রাইফেল ও দুটি একে-৪৭ রাইফেল নির্বিঘ্নে পৌঁছাতে পারায় সন্তোষ প্রকাশ করা হয়। ফলে চিঠি ও বোমা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এমন সময় বোমাগুলো পাওয়া গেল, যখন ১২টি ইসলামপন্থী দলের আহ্বানে ৩০ ঘণ্টার হরতাল চলছে।মজিবুর নামের এক ব্যক্তির কাছে জনৈক মেঝর (সম্ভবত এটা মেজর হবে) এ চিঠি লিখেছেন। এতে বন্দরটিলা, সিইপিজেড, ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজ (সংক্ষেপে ব্যারিস্টার কলেজ), আশকারদীঘির পাড় এবং ষোলশহর —নগরের এই পাঁচটি জায়গায় সাংগঠনিক তৎ পরতা ও অপারেশন চালানোর নির্দেশনা দেওয়া হয়। জানা গেছে, নগর পুলিশের বিশেষ শাখার তালিকায় এই পাঁচ এলাকাকে হরতাল আহ্বানকারী ইসলামপন্থী দলগুলোর আস্তানা হিসেবে চিহ্নিত করা হয়। গতকাল হরতাল চলাকালে এসব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল। নগর পুলিশের উপকমিশনার (বন্দর) কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে বোমাগুলো শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। বোমার সঙ্গে পাওয়া চিঠিতে নগরের বেশ কিছু স্থানে অপারেশনের (হামলা) কথা লেখা রয়েছে। আমরা ওই সব থানা এলাকার পুলিশকে সতর্ক করে দিয়েছি। এ ছাড়া হরতালকারীদের সঙ্গে এই বোমার কোনো যোগসাজশ রয়েছে কি না, তা-ও দেখা হচ্ছে।’পরে বোমা রাখার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে দণ্ডবিধির ১৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ভাড়াটিয়া শফিকুল ইমলাম ওরফে মনির (২৮) ও মো. রাজু শিকদার (২২)। মনির যে কক্ষে স্ত্রীকে নিয়ে থাকতেন, সেই কক্ষে রাজুও তিন মাস ধরে ভাড়াটিয়া (সাবলেট) হিসেবে তাঁর সঙ্গে আছেন।পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক মজিবুর রহমানকে আটক করে থানায় আনে। গ্রেপ্তারের পর মনির নিজেকে শফিকুল ইসলাম বলে দাবি করেন। বিষয়টি জেনে বাড়ির মালিক মজিবুর বলেন, ‘তুই তো বেটা মনির নামেই ঘর ভাড়া নিয়েছিলি, শফিকুল ইসলাম হলি কখন।’ পুলিশ সন্দেহ করছে, মনির ছদ্মনামে ঘর ভাড়া নিয়েছিলেন।এর আগে সকালে হরতাল চলাকালে বন্দরটিলা বাজারের পাশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৭ জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বোমার সঙ্গে ওই সংগঠনের কোনো সম্পৃক্ততা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারের পর মনির ও রাজু বন্দর থানা পুলিশের কাছে দাবি করেন, তাঁদের একজনের সঙ্গে অন্যজনের আগে থেকে পরিচয় ছিল না। তার পরও কীভাবে একটি ছোট্ট কক্ষে বসবাস করতেন—এমন প্রশ্নের জবাবে উভয়ে বলেন, ওই এলাকায় ঘর ভাড়া বেশি বলে একই কক্ষে তাঁরা ভাড়া থাকতেন। দুজনই সিইপিজেডের একটি বিদেশি কারখানায় কাজ করতেন। বোমা পাওয়ার পর তাঁদের কারখানার কর্মস্থল থেকে ডেকে এনে গ্রেপ্তার করা হয়। রাজুর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায়। আর মনিরের বাড়ি বরিশালের রাজাপুরে। থানাহাজতে মনির বারবার বলতে থাকেন, ‘রাজু ভালো ছেলে এবং নামাজ-কালামের বাইরে আর কোনো কাজে সে নেই।’নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম এমরান ভূঁইয়া বলেন, ‘একটি টেলিফোনের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মনির প্রথমে বাসাটি শনাক্ত করেন। পরে আমি ও উপকমিশনার (ডিসি) ঘটনাস্থলে গিয়ে আজিজ ভবনের চতুর্থ তলার একটি বাথরুমের ছাদ থেকে বোমাগুলো উদ্ধার করি। বোমার সঙ্গে বোমা তৈরির উপাদান এবং টেপ দিয়ে মোড়ানো একটি ওয়াকিটকি পাওয়া গেছে।’প্রতিটি বোমা একটি মাঝারি সাইজের কৌটায় টেপ দিয়ে মোড়ানো। প্রতিটির বাইরে দুটি তার খোলা। এর মধ্যে বিস্ফোরক লাগানো রয়েছে কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশের বোমা বিশেষজ্ঞ দল। টেপ দিয়ে মোড়ানো ওয়াকিটকির মধ্যে (ডেটোনেটর) বিস্ফোরক যন্ত্র থাকতে পারে। এর গায়ে ‘এনসিটি’ লেখা রয়েছে। নগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের পরিদর্শক ফজলুল কাদের বলেন, ‘উদ্ধার হওয়া বোমাগুলো শক্তিশালী বিস্ফোরকের মতো। তবে এর মধ্যে ডেটোনেটর আছে কি না, নিশ্চিত নয়। তবে এগুলো উচ্চক্ষমতাসম্পন্ন। ওয়াকিটকিতে ছয়টি ব্যাটারি রয়েছে। এটিও উচ্চক্ষমতাসম্পন্ন বোমা হতে পারে।’যেভাবে বোমাগুলো ছিল: বন্দরটিলা বাজারসংলগ্ন নৌবাহিনী ঈশা খাঁ ঘাঁটির ফটকের বিপরীতে আজিজ বিল্ডিং নামের একটি দুই ইউনিটের চারতলা ভবন রয়েছে। ভবনের সব ফ্ল্যাটে তিন-চারটি করে কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষ আলাদা ভাড়া দেওয়া হয়। চারতলার যে ফ্ল্যাটটি থেকে বোমা উদ্ধার করা হয়, সেখানে চারটি কক্ষ ভাড়া নিয়েছে চারটি পরিবার। এর মধ্যে দুটি আদিবাসী পরিবার। তাঁরা ইপিজেডের পোশাকশ্রমিক।গ্রেপ্তার হওয়া মনির স্ত্রীসহ সাত মাস আগে চারতলার ওই ফ্ল্যাটের একটি কক্ষ ভাড়া নেন। মাস তিনেক আগে একই কক্ষে সাবলেট হিসেবে ওঠেন রাজু সিকদার। গতকাল ওই ফ্ল্যাটের বাথরুমের ওপর একটি বাজারের থলেতে বোমাগুলো মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।