হরতালের দিনে শেয়ারবাজারে দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন বিভক্তির প্রতিবাদে বিএনপির ডাকা হরতালের মধ্যেও দেশের শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন ছিল। তবে দিন শেষে দুই বাজারেই দরপতন হয়েছে। একই সঙ্গে তুলনামূলক দুই বাজারেই লেনদেন কমেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হরতালের কারণে আজ ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এ ছাড়া আজ তিনটি ছাড়া সব কোম্পানির শেয়ার অভিন্ন অভিহিত মূল্যে লেনদেন হয়। এ বিষয়টিও দরপতনে ভূমিকা রাখে।এ ব্যাপারে ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী বলেন, ডিসেম্বর ব্যাংকগুলোর বার্ষিক হিসাব সমাপনীর (ইয়ার ক্লোজিং) মাস হওয়ায় তারা সাধারণত বিনিয়োগে যেতে পারেন না। অন্যদিকে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে তাঁদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এদিক দিয়ে বিবেচনা করলে ব্যাংকের হিসাব সমাপনীর পর তারা আবার বাজারে সক্রিয় হলে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এ ছাড়া আজকের হরতাল ও অভিন্ন অভিহিত মূল্যে সব কোম্পানির শেয়ার লেনদেন ও দরপতনে ভূমিকা রাখে বলে মনে করেন তিনি।এদিকে হরতালের দিনেও বেলা ১১টায় ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে ২১৬টি ডিএসইর সার্ভারে লগইন করায় যথাসময় লেনদেন শুরু হয় বলে ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানিয়েছেন।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৫ পয়েন্ট কমে ৫,১৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৪২ পয়েন্ট কমে যায়। তবে ১৫ মিনিটে তিন পয়েন্ট সূচক বাড়লেও এরপর আবারও নিম্নমুখী হয় সূচক, যা শেষপর্যন্ত অব্যাহত থাকে।আজ ডিএসইতে মোট ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৫টিরই দাম কমেছে। বেড়েছে ২০টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২১০ কোটি টাকা লেনদেন হয়েছে।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো, জাহিন টেক্স, ফু ওয়াং সিরামিকস, আফতাব অটো, বেক্সিমকো, মার্কেন্টাইল ব্যাংক, বিএসসি, ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট ও সিটি ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২২৫ পয়েন্ট কমে ১৪৬৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টিরই দাম কমেছে। বেড়েছে ১৬টির, আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৮ কোটি টাকা লেনদেন হয়েছে।