হরতালের দিনেও বিসিএস পরীক্ষা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল থাকলেও ১৯ ও ২০ ডিসেম্বর ৩৩তম বিসিএসের নির্ধারিত সব লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩৩তম বিসিএসের দায়িত্বে থাকা সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য কাজী নাসিরুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান। কাজী নাসিরুল ইসলাম আজ সোমবার রাতে প্রথম আলো ডটকমকে বলেন, ‘বারবার পরীক্ষা পেছালে চাকরিপ্রার্থীদের অনেক সমস্যা হয়। তাই ঘোষিত সময়সূচিতেই আমরা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’আগামী বুধবার (১৯ ডিসেম্বর) রাজশাহী ও সিলেটে হরতাল ডেকেছে জামায়াত। আর ২০ ডিসেম্বর সারা দেশে হরতাল ডেকেছে ইসলামি কয়েকটি দল। এই হরতালেও নির্ধারিত সব পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। পিএসসির পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী, ১৯ ডিসেম্বর সকালে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, বিকেলে আন্তর্জাতিক বিষয়াবলি, ২০ ডিসেম্বর সকালে বাংলাদেশ বিষয়াবলি প্রথম পত্র ও বিকেলে বাংলাদেশ বিষয়াবলি দ্বিতীয় পত্র, ২৩ ডিসেম্বর সকালে বাংলা প্রথম পত্র এবং বিকেলে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। ৩৩তম বিসিএসের এই লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল গত অক্টোবরে। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের গুজবে তা স্থগিত করা হয়। এরপর ১৮ ডিসেম্বর থেকে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়। কিন্তু বামদলগুলো ওই দিন হরতাল ডাকায় সেদিনকার ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার তারিখ পিছিয়ে ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়।