হরতালের ধকল কাটিয়ে উঠছে ঈদ-বাজার
আজ শুক্রবার। হরতাল নেই। সাতসকালে দোকান খুলেছিলেন তৈরি পোশাক বিপণনকারী প্রতিষ্ঠান অঞ্জন’সের মিরপুর শাখার ব্যবস্থাপক নূরন্নবী মিয়া। কিন্তু বর্ষার আকাশ কালো করা বৃষ্টির ঝপঝপানিতে মুখ কালো হয়ে যায় তাঁর। সকাল সাড়ে ১০টায় বৃষ্টি থেমে গেলে ক্রেতার ঢল নামে অঞ্জন’সের মিরপুর ২ নম্বর সেকশনের এই শাখায়। হাসি ফোটে নূরন্নবীর মুখে। ব্যস্ততাও বেড়ে যায়। উল্লসিত নূরন্নবী বলেন, ‘দিনের শুরুর মতো সারাটি দিন যদি ক্রেতার আসা-যাওয়া এমন থাকে, তাহলে টানা চার দিনের হরতালের ক্ষতি আজকে পুষিয়ে নিতে পারব।’পুতুলের গায়ে জড়ানো আর তাকভর্তি হাজারো পোশাক দেখিয়ে নূরন্নবী জানান, ঈদের জন্য মাত্র ৪০ শতাংশ নতুন নকাশা করা পোশাক এসেছে। বাকি ৬০ শতাংশ আসবে। তিনি বলেন, হরতাল রমজান মাসে না হলে এ কয়দিনের ক্ষতি সামাল দেওয়া যাবে।মিরপুরের মার্কেটগুলো মোটামুটি চাঙা হয়ে উঠলেও খিলগাঁওয়ের তালতলা সুপার মার্কেট, মৌচাক মার্কেট ও মৌচাক আনারকলি মার্কেটে আজ ততটা জমজমাটভাব দেখা যায়নি। তবে হরতালের কারণে গত চার দিন এসব মার্কেট এক প্রকার ক্রেতাশূন্য থাকলেও আজ সেখানে ক্রেতাদের কিছুটা ভিড় লক্ষ করা গেছে।মিরপুর ১০ নম্বর সেকশনের শাহ আলী মার্কেটের দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটমুটি ভালো মানের ছেলেদের একটি পাঞ্জাবির দাম ৮০০ থেকে শুরু হয়ে আট হাজার টাকা পর্যন্ত ঠেকেছে। মেয়েদের থ্রিপিসের দামের পারদ আরও একটু ওপরে। নকশার ভিন্নতায় এর দাম দেড় হাজারে শুরু হয়ে শেষ হয়েছে ১২ হাজার টাকায়।শাহ আলী মার্কেটের নূরজাহান ফ্যাশনের বিক্রেতা ইমরান হোসেন বলেন, ‘রোজার প্রথম দিকে বাচ্চাদের পোশাক বিক্রি হয় বেশি। এরপর আসে শাড়ি ও সালোয়ার-কামিজ। আর শেষদিকে ছেলেদের পাঞ্জাবি কেনাকাটা চলে।’মিরপুরের বেনারসিপল্লিও আজ সকাল থেকেই ক্রেতা-বিক্রেতায় সরগরম। এখানকার কয়েক শ দোকান ঈদ-বাণিজ্য সামনে রেখে সাজানো হয়েছে।এবারের ঈদে বুটিকসের শাড়ি বেশি চলছে বেনারসিপল্লির দোকানগুলোয়। দাম ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা। ধুপিয়ান নামে শাড়ির দাম কিছুটা কম। তবে এ ধরনের শাড়ির মূল্য শুরু হয়েছে পাঁচ হাজার টাকা দিয়ে, শেষ হয়েছে ১০ হাজার টাকায়।খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পাঞ্জাবি ও থ্রিপিসের দোকান ‘রঙ্গন পোশাকের বাগান’-এর স্বত্বাধিকারী খালিদ সাইফুল্লাহ বললেন, ‘গত বছরের ছয় রমজানে ১৫ হাজার টাকার কেনাবেচা হয়েছিল। আর এ বছর ওই একই দিন কেনা-বেচা হয়েছে মাত্র চার হাজার টাকা, যা গত বছরের তুলনায় চার ভাগের এক ভাগ।’ খালিদ বলেন, ‘১১টা মাস আমরা বসে থাকি রমজানের আশায়। এবার সেই রমজানের শুরুতেই হরতাল।’কেবল খিলগাঁওয়ের খালিদই নন, একই অবস্থার কথা জানান তালতলা সুপার মার্কেট, মৌচাক মার্কেট ও মৌচাক আনারকলি মার্কেটের দোকানিরা। তবে হরতালের কারণে গত চার দিন এসব মার্কেট এক প্রকার ক্রেতাশূন্য থাকলেও আজ ক্রেতাদের কিছুটা ভিড় লক্ষ করা গেছে।মৌচাক মার্কেটের স্বর্ণা শাড়ি কুটিরের দোকানি আজিজুল ইসলাম বেলা ১১টার দিকে বলেন, ‘বেচাকেনার অবস্থা খুবই খারাপ। সকাল থেকেই কাস্টমার নেই। তাই বউনি করতে পারিনি।’মৌচাক মার্কেটের জুতার দোকান আঁকাবাঁকা সুজের স্বত্বাধিকারী শরিফুর রহমান তাহের জানান, হরতালের কারণে চার দিন ধরে কেনাবেচা না থাকলেও আজ কিছুটা আছে। টানা হরতালের পর আজ ও কাল কেনাবেচা ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মৌচাকের পাশেই আনারকলি মার্কেটের শিশুদের পোশাকের দোকান এস এন ডিজিটাল পয়েন্টের দোকানি মুজিবুর রহমান বলেন, আজ ছুটির দিনে কিছু ক্রেতা আসছেন।