হরতালের নামে কেউ অরাজক অবস্থার সৃষ্টি করলে তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার সংসদে ফজিলাতুন্নেসা বাপ্পির প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তার আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল সাড়ে পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধী দলের হরতালের নামে কেউ রাস্তায় নেমে যাতে গাড়ি পোড়াতে বা ভাঙচুর করতে না পারে, সে জন্য পুলিশি-ব্যবস্থা জোরদার করাসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ জাতীয় অপরাধীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ২০০৮-০৯ অর্থবছরে তিন কোটি ২২ লাখ মেট্রিক টন, ২০০৯-১০ অর্থবছরে তিন কোটি ৩২ লাখ মেট্রিক টন এবং ২০১০-১১ অর্থবছরে তিন কোটি ৪৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উত্পাদন হয়েছে। যা এ পর্যন্ত সর্বোচ্চ। চাহিদার নিরিখে দেশ বর্তমানে চালের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। যার ফলে চলতি বছর বিদেশ থেকে কোনো চাল আমদানি করা হচ্ছে না। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আগামী রোজার মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনসাধারণের কাছে সহনীয় এবং সরবরাহ অবাধ রাখার লক্ষ্যে সরকার সচেষ্ট আছে। রোজার মাসে ব্যবসার নামে কোনো অসাধু মুনাফা-লোভী যাতে পণ্যের দাম কৃত্রিমভাবে বাড়াতে না পারে সে বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে টিসিবির কাছে ১০ হাজার ৭৮৮ মেট্রিক টন চিনির মজুদ রয়েছে এবং ২৫ হাজার মেট্রিক টন চিনি আমদানির জন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। ৩০ জুন এই চিনি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। ৪৩ লাখ ৭১ হাজার ৯৬৬ লিটার ভোজ্যতেল মজুদে রয়েছে। দুটি প্রতিষ্ঠানের সঙ্গে তেল সরবরাহের চুক্তি হয়েছে। এ সরবরাহ সম্পন্ন হলে ৬৮ লাখ ৪৭ হাজার ৮২৪ লিটার ভোজ্যতেল পাওয়া যাবে। টিসিবির কাছে এক হাজার ৩১৯ মেট্রিক টন মসুর ডাল মজুদ রয়েছে। তিন হাজার মেট্রিক টন মসুর ডাল সরবরাহের জন্য চুক্তি হয়েছে। আরো আট হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ হাজার মেট্রিক টন ছোলা এবং এক হাজার মেট্রিক টন খেজুর সংগ্রহের কাজ চলছে। এগুলো রোজার আগেই পাওয়া যাবে।