হরতালের নামে তাণ্ডব চালাচ্ছে জামায়াত-শিবির: শাজাহান খান
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘হরতালের নামে জামায়াত-শিবিরের কর্মীরা সারা দেশে তাণ্ডব চালাচ্ছে। তারা গাড়ি ভাঙচুর করছে। গাড়িতে অগ্নিসংযোগ করছে। গাড়ির চালক ও সহকারীদের পুড়িয়ে মারছে। আর তাদের সঙ্গে যোগ দিয়েছে প্রধান বিরোধী দল।’আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। হরতালের নামে নাশকতা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, শ্রমিক হত্যার প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।শাজাহান খান বলেন, সম্প্র্রতি এক যুদ্ধাপরাধীর রায় ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত-শিবির সারা দেশে তাণ্ডব শুরু করেছে। তারা একের পর এক চালক হত্যা করছে। সাম্প্র্রতিক সময়ে প্রায় ৫০০ গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। প্রায় দুই হাজার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারা পার্কিং করা গাড়ি ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগ করছে। এমনকি পুলিশ ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকের ওপর হামলা চালাচ্ছে। হরতাল ডেকে তার আগের দিন থেকে সারা দেশে তাণ্ডব চালানো হচ্ছে। আর তাই জামায়াত-শিবিরের সঙ্গে কোনো প্রকার আপস নয়।শাজাহান খান আরও বলেন, ‘কোনো দলকে ক্ষমতায় বসাতে বা কাউকে ক্ষমতা থেকে উত্খাতের জন্য আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন শ্রমিকদের অধিকার নিশ্চিত করা।’বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে শাজাহান খান বলেন, ‘আপনি একাধিকবার প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি টর্নেডোদুর্গতদের দেখতে ব্রাহ্মণবাড়িয়া গেছেন। কিন্তু হরতালের নামে যে সব শ্রমিককে হত্যা বা যাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, তাঁদের জন্য দুঃখ প্রকাশ করতে পারেন না।’ রাজাকারদের প্রশ্রয় দিয়ে খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন-বলেও মন্তব্য করেন তিনি।ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আ. রহিম বক্সের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সহসভাপতি আ. ওয়াদুদ নয়ন ও আবুল হোসেন, যুগ্ম সম্পাদক সাদেক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক কাজী মোতাহার হোসেন প্রমুখ।সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে আগামী ৪ এপ্রিল বেলা ১১টায় গাবতলী থেকে ফুলবাড়িয়া পর্যন্ত মানববন্ধন, ১০ এপ্রিল নাশকতার প্রতিবাদে কালো দিবস পালন ও ১৬ এপ্রিল সারা দেশে এক ঘণ্টার মানববন্ধন। এর পরও নাশকতা বন্ধ না হলে পরবর্তী সময় কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে।