হরতালের নামে নৈরাজ্য হলেই কঠোর ব্যবস্থা: টুকু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল হরতালের নামে কোনো ধরনের নৈরাজ্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিরোধী দলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেছেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। কিন্তু নৈরাজ্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হেফাজতে ইসলামের ৫ মের সেই মধ্যরাতের ঘটনা থেকে বিএনপির শিক্ষা নেওয়া জরুরি। আজ মঙ্গলবার দুপুরে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঠিকানা একাত্তর বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রধান বিরোধী দল বিএনপিকে উদ্দেশ করে শামসুল হক বলেন, গণতান্ত্রিক ধারা ব্যাহত করার ষড়যন্ত্র অব্যাহত থাকলে ভবিষ্যতে বাংলাদেশে বিএনপির নাম-নিশানাও থাকবে না। সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আগামী নির্বাচনে খালেদা জিয়া ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। খালেদা জিয়াকে শামসুল হক বলেন, ‘ভবিষ্যতে আপনার দলের নাম-নিশানাও থাকবে না। কারণ, আপনার কর্মকাণ্ড দেশের ক্ষতি করছে, মানুষের ক্ষতি করছে। দেশের গণতন্ত্র ধ্বংস করছে। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করছে।’ তিনি বলেন, ‘হরতাল কোনো গণতান্ত্রিক কর্মসূচি হতে পারে না। এটা নাশকতামূলক কর্মসূচি। তাই মানুষ এটা সমর্থন করতে পারে না। আগেও তারা হরতাল দিয়ে জ্বালাও-পোড়াও করেছে।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তারেক জিয়া অসুস্থতার কথা বলে বিদেশে পালিয়ে আছে। সেখানে বসে অযৌক্তিক হরতাল দিয়ে নাশকতা সৃষ্টি করছে। দেশে যখন ছিল, যখন তার দল ক্ষমতায় ছিল, তখন হাওয়া ভবনের মাধ্যমে সরকার নিয়ন্ত্রণ করত। বিদ্যুতের অর্থ লুটপাট করে বিদেশে পাঠিয়েছিল। দেশকে যে নৈরাজ্যের দিকে নিয়ে গিয়েছিল, এটাও দেশবাসী জানে।’ প্রতিমন্ত্রী বলেন, তারেক জিয়া দুর্নীতির মামলায় জড়িত হওয়ার কারণে পলাতক আছেন। যখন আদালত এর বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন, তখন অভিযুক্ত আসামিকে তো আদালতে আনতেই হবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আনার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাকে দেশে নিয়ে আসুন। আপনিও আদালতের মুখোমুখি হোন। বিচারের সামনে দাঁড়ান। আপনাকে যাতে আমাদের দেশে-বিদেশে খুঁজতে না হয়।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আর মাত্র কয়েক মাস পর নির্বাচন হবে। এই সময়ে তিনি কোনো ষড়যন্ত্র করে নির্বাচিত সরকারের পতন ঘটাতে পারবেন না। কোনো ষড়যন্ত্র করলে খালেদা জিয়া আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। সংগঠনের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে আওয়ামী লীগের নেতা আওলাদ হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।