হরতালের পক্ষে বিএনপির প্রচার, সরকার কঠোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববারের হরতাল কর্মসূচির পক্ষে-বিপক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। ক্ষমতায় থাকতে হরতালের বিরুদ্ধে জোরালো অবস্থান নিলেও এখন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা হরতাল সফল করতে প্রচারপত্র বিলি করছেন। একইভাবে সরকার ও বিভিন্ন সংগঠন হরতালের বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করছে।সরকার বলছে, হরতালের নামে জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিরোধী দলকে মোকাবিলায় রাজপথে অবস্থান নেবে না সরকারি দল। ব্যবসায়ী নেতারা হরতালের মতো ক্ষতিকর কর্মসূচি পরিহার করে অন্য রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন।বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলেছেন, বর্তমান সরকার আমলের প্রথম হরতাল সফল করতে বিএনপি সর্বাত্মক চেষ্টা চালাবে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, তাঁরা গ্যাস, বিদ্যুর‌্যা, পানি সমস্যা সমাধানের মতো জনগণের চাহিদা পূরণের দাবিতে হরতাল করছেন। হরতালে জনগণের তো কষ্টও হতে পারে—এর জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কষ্ট তো হবে বটেই। আমাদের চেয়ারপারসন সমাবেশেই বলেছেন, এতে কিছু সমস্যা হতে পারে। কিন্তু যেহেতু সরকার কথা শুনছে না, আমাদের আর কোনো পথ খোলা ছিল না।’স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া জানান, কর্মসূচি সামনে রেখে মহানগরের প্রতিটি থানায় সর্বনিম্ন সাতটি থেকে সর্বোচ্চ ২০টি করে কমিটি করে দেওয়া হয়েছে। গত সংসদ নির্বাচনে ঢাকার আসনগুলোতে যাঁরা বিএনপির পক্ষে নির্বাচন করেছিলেন, তাঁদের নিজ এলাকায় কর্মী নিয়ে অবস্থান নিতে বলা হয়েছে।এদিকে সরকারের নীতিনির্ধারক পর্যায়ের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, গণতান্ত্রিক শাসন-ব্যবস্থায় বিরোধী দল হরতাল ডাকতে পারে। তবে দেশে এই মুহূর্তে হরতাল ডাকার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। একজন নেতা বলেন, বিরোধী দলের কর্মসূচিতে জনগণ সাড়া দিলে সরকার স্বাভাবিকভাবেই তা নেবে। কিন্তু সরকারি কর্মচারীদের অফিসে যেতে বাধা দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, কল-কারখানায় স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন্ন সৃষ্টি করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, যদি কেউ স্বাভাবিক জীবনযাত্রায় বাধা দেয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব থাকবে না। হরতালের নামে নৈরাজ্য বরদাশত করা হবে না।সরকারি দলের নেতাদের মতে, বিরোধী দল ভোলার উপ-নির্বাচনের পর নির্বাচন কমিশনের প্রতি নানা অভিযোগ করে হরতাল কর্মসূচি দেয়। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পর আর সে অভিযোগ থাকার কথা নয়। সুতরাং তাদের হরতাল প্রত্যাহার করে নেওয়া উচিত।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়ার পক্ষে আমরা নই। তবে এ হরতাল সম্পূর্ণ বিনা কারণে। তাই প্রত্যাহার করা উচিত।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতালের দিন রাজপথে আওয়ামী লীগ থাকবে না।ব্যবসায়ীদের আহ্বান: বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ প্রথম আলোকে বলেন, দেশে বর্তমানে এমন কোনো পরিস্থিতি বিরাজ করছে না যে হরতাল ডাকতে হবে। প্রতিবাদের অনেক ভাষা আছে। যাঁরা হরতাল ডেকেছেন, সংসদে গিয়েই কথা বলার অধিকার রয়েছে তাঁদের। অথবা রাজপথে অবস্থান, অনশন, লং মার্চ ইত্যাদি কর্মসূচিও পালন করা যায়।তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, শিল্পে বিশ্বমন্দার প্রভাব, গ্যাস-বিদ্যুতের চলমান সমস্যা এবং সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের মধ্য দিয়ে পোশাকশিল্প এমন এক ক্রান্তিকাল অতিক্রম করছে যে কোনোভাবেই হরতালকে সমর্থন করা যায় না। বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, রাজনীতিবিদদের বোঝা উচিত, অর্থনীতিকে পেছনে ফেলে শুধু রাজনীতি দিয়ে উপরে ওঠা যায় না। হরতালের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা ছাড়া দেশের উন্নতি আশা করা দুষ্কর।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান বলেন, যে ইস্যুতে হরতাল ডাকা হয়েছে, সেটা উচিত হয়নি। বিদ্যুর‌্যা, গ্যাস, যানজটসহ নানাবিধ সমস্যা দূর করতে সরকারকে যৌক্তিক সময় দেওয়া দরকার।বিএনপির প্রচার: বিএনপির শীর্ষস্থানীয় নেতারা গতকালও নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে হরতালের পক্ষে প্রচারপত্র বিলি করেছেন। কেন, কোন প্রেক্ষিতে বিএনপিকে হরতাল ডাকতে হয়েছে, তার বর্ণনা রয়েছে প্রচারপত্রে। বিকেলে যাত্রাবাড়ীতে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে বায়তুল মোকাররম, পুরানা পল্টন ও স্টেডিয়াম মার্কেটে মির্জা আব্বাস আর সকালে উত্তরায় প্রচারপত্র বিলি করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া কল্যাণপুরে চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, পুরান ঢাকার ইউসুফ মার্কেটে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, কাপ্তান বাজারে রিজভী আহমেদ—সব মিলিয়ে গতকাল রাজধানীতে অন্তত ৩০টি স্থানে বিএনপির নেতারা প্রচারপত্র বিলি করেন।বিএনপি ক্ষমতায় থাকাকালে হরতালের সমালোচনা করত, এখন কেন হরতাল করছে—জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘সেটা তো অন্য ব্যাপার। তখন ইস্যু ছিল আলাদা, আর এখন আলাদা। আমরা হরতাল দিতে চাইনি, সরকারই বাধ্য করেছে। পত্রিকা বন্ধ করে দিয়েছে, নেতা-কর্মীদের আটক করছে, আমরা বিচারবিভাগীয় সুবিধা পাচ্ছি না। সংসদে ৯৬টি মুলতবি প্রস্তাব করা হয়েছে, একটাও আমলে আনেনি।’ এসব অভিযোগ তো আপনাদের সময়ও ছিল—জবাবে তিনি বলেন, ‘আপনি শুধু আমাদের আমল আমাদের আমল বলছেন কেন। আমি খারাপ ছিলাম বলে আপনি ভালো হবেন না?’বাস চালাবে ঢাকা সড়ক পরিবহন সমিতি: সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববারের হরতালে রাজধানী ও এর আশপাশের এলাকায় বাস চলবে। এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছে সমিতি।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সমিতির কার্যালয়ে বৈঠকে ফুলবাড়িয়া, সায়েদাবাদ, মহাখালী টার্মিনালের সিটি ও আন্তজেলা রুটে চলাচলকারী বাসের প্রায় ৩০০ জন মালিকের উপস্থিতিতে এ বৈঠক হয়। প্রায় ১০০ পরিবহন কোম্পানি উপস্থিত থেকে হরতালে বাস চালানোর সিদ্ধান্ত নেয়।রাজধানীতে কোম্পানিভিত্তিক চলাচলকারী বাসের মালিকদের অপর সংগঠন এবিসির সভাপতি খোন্দকার রফিকুল হোসেন বলেন, তাঁরাও বাস চালাতে চান। পরিবেশ অনুকূলে থাকলে বাস চালাবেন। হরতালের পক্ষে-বিপক্ষে আইনজীবীরা: বিএনপির হরতাল সামনে রেখে সুপ্রিম কোর্টে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আইনজীবীরা। গতকাল দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। তাঁরা বলেন, হরতালের পেছনে যেসব কারণ দেখানো হয়েছে তা একেবারেই অযৌক্তিক। বেলা আড়াইটায় একই কক্ষে সমিতির ব্যানারে পাল্টা সংবাদ সম্মেলন করেন বিএনপি-সমর্থক আইনজীবীরা। তাঁরা বলেন, হরতাল করা গণতান্ত্রিক অধিকার।