হরতালের পক্ষে সোচ্চার নেতারা রাস্তায় ছিলেন না
হরতালের সময় গতকাল বিএনপির কেন্দ্রীয় নেতাদের অধিকাংশই রাজপথে নামেননি। যদিও এই নেতারা হরতাল কর্মসূচি নিয়ে দলের সভায় এবং গণমাধ্যমের সামনে সবচেয়ে বেশি সরব ছিলেন।বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটি, ৩৮৬ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি ও ৩২ সদস্যের উপদেষ্টা পরিষদের হাতেগোনা কয়েকজন নেতাকে রাজপথে দেখা গেছে। অথচ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সব জ্যেষ্ঠ নেতাকে হরতালের সময় রাজপথে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন। তিনি এ জন্য মহানগরের প্রতিটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আলাদা বৈঠকও করেন। কিন্তু তাতে কাজ হয়নি। রাজধানীর ৪১টি থানায় নেতাদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। অবশ্য বিএনপির মতে, তাদের পুরোনো ৩০টির মতো থানায় কমিটি আছে।সেনানিবাসের বাড়ির মামলা নিয়ে আদালতের পাশাপাশি বিষয়টিকে রাজনৈতিকভাবেও মোকাবিলা করা হবে বলে বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। এই সূত্রে সরকারকে রাজপথে মোকাবিলা করতে সরব হয়ে ওঠেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। কিন্তু এই দুজনকে গতকাল কোথাও দেখা যায়নি। দলের নয়াপল্টন কার্যালয়ে একাধিক নেতাকে এই দুজনকে মোবাইল ফোনে পাওয়ার চেষ্টা করতে দেখা গেছে। মওদুদ আহমদের হাইকোর্ট এলাকায় থাকার কথা ছিল বলে বিএনপির দপ্তর থেকে জানা গেছে। কিন্তু তিনি সেখানে ছিলেন না।রাত নয়টায় যোগাযোগ করা হলে জানা যায়, মওদুদ আহমদ খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আছেন। অপর আলোচিত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা গেছে, তিনি সারা দিন বাসায় ছিলেন।রাজধানীর দুটি স্থানে হরতালের সমর্থনে দুটি মিছিল বের করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে একটি এবং তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃত্বে মহাখালীতে অপর মিছিলটি হয়। এ ছাড়া বিএনপির কোনো নেতাকে অন্য কোনো স্থানে সমাবেশ বা মিছিল করতে দেখা যায়নি। অবশ্য বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, পুলিশ ও সরকারদলীয়রা বিএনপির নেতা-কর্মীদের বের হতে দেয়নি।জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নেতারা বিভিন্ন স্থানে নামার চেষ্টা করলেও সরকার তা করতে দেয়নি। তবে জনগণ হরতাল সফল করেছে।স্থায়ী কমিটি: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে রাজপথে সর্বোচ্চ তিনজনকে দেখা গেছে। এঁরা হলেন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, আ স ম হান্নান শাহ ও রফিকুল ইসলাম মিয়া। খোন্দকার দেলোয়ার সারা দিনই ছিলেন কেন্দ্রীয় কার্যালয়ে। একবার নিচে নেমেছেন তিনি। আর হান্নান শাহ কয়েকজন কর্মীকে নিয়ে মহাখালীতে অবস্থান করেন। তবে পুলিশ তাঁকে সেখানে খুব বেশি সময় দাঁড়াতে দেয়নি। তাঁর সঙ্গে আসা কয়েকজনকে আটকও করে পুলিশ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল হরতালের সময় বাসায় ছিলেন বলে জানা গেছে।উপদেষ্টা পরিষদ: বিএনপির চেয়ারপারসনের ৩২ উপদেষ্টার কাউকে গতকাল ঢাকায় হরতালের সমর্থনে মাঠে থাকতে দেখা যায়নি। বিএনপির এক নেতা জানান, উপদেষ্টা পরিষদের ছয়জন নেতা ঢাকার বাইরে ছিলেন। এর মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিন চট্টগ্রাম হরতালের সমর্থনে মাঠে ছিলেন।নির্বাহী কমিটি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যসংখ্যা ৩৮৬। এর মধ্যে ১২১ জন কর্মকর্তা ও ২৬৫ জন সদস্য। কর্মকর্তা পর্যায়ের নেতাদের মধ্যে গতকাল ঢাকায় দেখা গেছে মাত্র কয়েকজনকে। এঁরা হলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক ও অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম। দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন। এ সময় তাঁর সঙ্গে আসা এক কর্মীকে আটক করে পুলিশ।তবে সংবাদ সম্মেলনে বেশ কিছু কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে অন্যতম ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী প্রমুখ।বিএনপির সাংসদদের মধ্যে মুজিবুর রহমান সারোয়ার, নিলুফার চৌধুরী, রেহানা আক্তার ও শাম্মী আক্তারকে দেখা গেছে।মাঠে ছিল না অঙ্গ ও সহযোগী সংগঠন: জাতীয়তাবাদী মহিলা দল ছাড়া বিএনপির অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো কর্মসূচি পালনে ছিল অনেকটাই নিষ্ক্রিয়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বড় কোনো নেতাকে রাজপথে দেখা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলও ছিল নিশ্চুপ।