আধা ফাঁকা পথ পেরিয়ে টিএসসির মোড়ে এসে পৌঁছে মনে হলো, এখানে হরতাল নেই। শাহবাগ মোড় থেকেই রিকশার জটলা শুরু। টিএসসির সামনে থেকে সারি পড়ে গেছে গ্রন্থমেলায় প্রবেশের জন্য। পথের পাশে ফেরিওয়ালারা বাঁশি ফুঁকছে, ঢোল পেটাচ্ছে—বেলুন ফোলাচ্ছে ইত্যাকার কর্মকাণ্ডে ব্যতিব্যস্ত তারা। ছেলেপুলেদের বায়না মেটাতে বাবা-মায়েরা দর-কষাকষি করছেন। পথের এক পাশ দিয়ে চটপটির স্টল, তার পাশ দিয়ে সবজি আর চিংড়ি মাছের মাথার বড়া ভাজা হচ্ছে। পাতা আছে চেয়ার। মেলায় চক্কর দিয়ে ফেরার পথে সেখানে বসে ক্লান্তি অপনোদনের সঙ্গে রসনা তৃপ্ত করছেন অনেকেই।মেলার ভেতরেও বিপুল লোকসমাগম। উপস্থিতি শনিবারের ছুটির দিনকেও ছাড়িয়ে গেছে। হরতালের আভাসমাত্র নেই পরিবেশে। বেচাকেনাও প্রচুর। প্রকাশকেরা জানালেন, বরাবরই হরতালের দিনে মেলায় লোকসমাগম বাড়ে, বিক্রিও ভালো হয়। গতকালও তা-ই হয়েছে। রাজনীতির সঙ্গে অমর একুশে গ্রন্থমেলার যে সংস্রব নেই, স্পষ্টই প্রতিভাত হলো তা সোমবার।তাঁরা দুজনায়সত্যজির্যা রায়ের সেই গুপি-বাঘার মতোই মনে হচ্ছিল মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল হাসানকে। সম্পর্কে তাঁরা ভায়রা। দুজনে তাঁদের পুত্র-কন্যা আর স্ত্রীদের সঙ্গে নিয়ে এসেছিলেন গ্রন্থমেলায়। হাঁটতে হাঁটতে ক্লান্ত, তাই কনিষ্ঠ কন্যাকে কাঁধে তুলে নিয়েছেন মাহমুদুল হাসান। বইয়ের ব্যাগ স্ত্রীর হাতে। এক গাল হেসে জানালেন, ‘কাজকর্ম নেই, তাই সবাই মিলে মেলায় চলে এলাম।’ তাঁরা থাকেন আরামবাগে। ব্যবসা করেন। কর্মদিবসে মেলায় আসার সুযোগ হয় না। আবার ছুটির দিনে ভিড় হয় প্রচুর। তাঁরা ভেবেছিলেন, হরতাল বলে ভিড় কম হবে। তাই মেলায় চলে এসেছেন। বইও কিনেছেন অনেকগুলো। গৃহিণী রান্না ভালোবাসেন, তিনি কিনেছেন সিদ্দিকা কবীরের রেসিপির বই। বাচ্চাদের জন্য আছে নির্বাচিত ভূতের গল্প। আর যেখানে তাঁদের সঙ্গে কথা হচ্ছিল, সেই অন্যপ্রকাশের স্টল থেকে হুমায়ূন আহমেদের এবারের মেলার আসা চারখানা বই কিনেছেন তাঁরা। ‘কাল আমাদের কথা পত্রিকায় আসবে?’ ‘আসবে’। তারপর যে যার মতো মেলার লোকেদের স্রোতে মিশে যাওয়া।ভালো প্রুফ রিডার ও সম্পাদক পাওয়া যায় না‘ভালো বই করার ইচ্ছা প্রকাশকদের সব সময়ই আছে। তবে ভালো পাণ্ডুলিপি যেমন একটি সমস্যা, তেমনি ভালো সম্পাদক ও প্রুফ রিডারেরও প্রচণ্ড অভাব রয়েছে। মানসম্মত নির্ভুল বই করতে হলে সম্পাদক ও প্রুফ রিডারদের জন্য যে ব্যয় হয়, তাতে বইয়ের দাম বেড়ে যায়, তাতে বিক্রি কমে। এটাও একটা সমস্যা। তা সত্ত্বেও আমরা মানসম্মত বই করার চেষ্টা করছি।’ বললেন ইত্যাদির প্রকাশক জহিরুল আবেদিন। তাঁরা এবার ৬০টি বই প্রকাশ করছেন। গত বছরের চেয়ে এবার বিক্রি ভালো বলেই জানালেন তিনি।বিক্রি বেড়েছেমেলার প্রথম সপ্তাহ পার হলো গতকাল। একাডেমীর দেওয়া হিসাব মতে, এবার প্রথম সপ্তাহে গত দুই বছরের চেয়ে বই প্রকাশের সংখ্যা কমেছে, তবে বিক্রি বেড়েছে। এবার বই প্রকাশিত হয়েছে ৫৫১টি। গত বছর প্রকাশিত হয়েছিল ৭৯১টি এবং ২০০৯ সালে ৬০৬টি। বাংলা একাডেমীর স্টলে এবার প্রথম সপ্তাহে বিক্রি হয়েছে ১২ লাখ ৩০ হাজার টাকা। গত বছর এ সময় বিক্রি ছিল নয় লাখ ৬৮ হাজার ও ২০০৯ সালে ১১ লাখ ৭৯ হাজার টাকা।নতুন বইগতকাল মেলায় নতুন বই এসেছে ৮৬টি। এর মধ্যে কয়েকটি হলো: জনান্তিক থেকে কাজী মোহাম্মদ শীষের প্রবন্ধগ্রন্থ অনাতিকালের কথা। মুক্তচিন্তা থেকে মঙ্গলচন্দ্র মণ্ডলের সংগীতবিষয়ক গ্রন্থ জনক রাগ সমগ্র। গ্লোব লাইব্রেরি থেকে হোসনে আরা শাহেদের উপদেশমূলক গ্রন্থ শতবার্তা। অনন্যা থেকে এসেছে নাসির আহমেদের কবিতা ভালো থাকার নির্দেশ আছে, অ্যাডর্ন থেকে কবিতাশতক। উর্যাসব থেকে মঙ্গল কুমার চাকমার গবেষণাগ্রন্থ বাংলাদেশের আদিবাসী, দিব্যপ্রকাশ থেকে নাহার মনিকার উপন্যাস পৃষ্ঠাগুলি নিজের। ইত্যাদি থেকে নীলিমা ইব্রাহিমের ভ্রমণগ্রন্থ শাহী এলাকার পথে পথে। একুশে বাংলা থেকে আবদুল মান্নান সৈয়দের নির্বাচিত উপন্যাস। অনুপম থেকে জোবায়ের ফারুকের বিজ্ঞানবিষয়ক গ্রন্থ রসায়ন অলিম্পিয়াড। শুদ্ধস্বর থেকে নাজমা জেসমিন চৌধুরীর উপন্যাস লোকে বলে। ইকবাল হোসেন চৌধুরী অনূদিত আমিই পেলে। চারুলিপি থেকে ওবায়দুল অনূদিত রবার্ট পেইনের পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু। ঐতিহ্য থেকে শেখ আবদুল হাকিমের থ্রিলার উপন্যাস লোতানি গুপ্তধন। প্রথমা প্রকাশন থেকে এসেছে রান্নাবিষয়ক তিনটি বই। প্রথম আলোর নকশায় প্রকাশিত রেসিপি থেকে বাছাই করা মাছ, মাংস ও সবজি রান্নার তিনটি বই ছাড়াও এখানে গতকাল বেশি বিক্রি হয়েছে মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রডিজি। এ ছাড়া অন্যপ্রকাশ থেকে হুমায়ূন আহমেদের অন্য বইগুলোর সঙ্গে নতুন আসা নির্বাচিত রচনার সংকলন আমি বেশ বিক্রি হচ্ছে। এ ছাড়া এখানে কাল এসেছে শাহাবুদ্দিন নাগরীর কবিতা ভেঙে যায় মধুর পেয়ালা। পার্ল থেকে সারওয়ার-উল-ইসলামের উপন্যাস ইশকুল বালিকা।মেলামঞ্চেগতকাল মেলামঞ্চে আলোচ্য বিষয় ছিল ‘গল্পগুচ্ছে রবীন্দ্রনাথের নারী ভাবনা’। প্রবন্ধ পড়েন সোনিয়া নিশাত আমিন। সভাপতিত্ব করেন মাহমুদা ইসলাম। আলোচনা করেন মালেকা বেগম, শাহিনূর রহমান, কাবেরী গায়েন ও সানজিদা আক্তার। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন কণ্ঠশীলনের শিল্পীরা। ‘তুমি উষার সোনার বিন্দু’ নামের গীতি-আলেখ্য পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন যুক্ত এবং নৃত্য পরিবেশন করেন মৃদঙ্গের শিল্পীরা।প্রথম সপ্তাহ বেশ ভালো কেটেছে মেলার। পরের দিনগুলো আরও ভালো যাবে—এমন আশা করছেন প্রকাশক আর গ্রন্থানুরাগীরাও।