হরতালের ফাঁকতালে জামায়াতের ‘অর্জন’
যুগপৎ আন্দোলনের নামে অনেক দিন পর বিএনপির সঙ্গে হরতাল কর্মসূচিতে যুক্ত হতে পারাটাকে অর্জন হিসেবে দেখছে জামায়াতে ইসলামী।আর এই ‘অর্জনের’ ফাঁকতালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে হরতালের স্বাদও পূরণ হয়েছে দলটির।জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির সঙ্গে পুরোনো ঐক্য জোড়া লাগানোই এখন দলটির পরবর্তী লক্ষ্য।অবশ্য জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের দাবি, ‘আমাদের মধ্যে ঐক্য আছে, তবে এর প্রকাশ আরও আগে হওয়া উচিত ছিল।’সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর চারদলীয় জোটের দুই প্রধান দল বিএনপি ও জামায়াতের দূরত্ব তৈরি হয়। এ কারণে জামায়াতের আমিরসহ পাঁচজন শীর্ষস্থানীয় নেতা গ্রেপ্তার হওয়ার পর দলটির চরম দুঃসময়ে বিএনপিকে পাশে পায়নি। তাই ইচ্ছা থাকলেও গত এক বছরে জামায়াতের একার পক্ষে দলীয় নেতাদের মুক্তির দাবিতে একটা হরতাল কর্মসূচিও দেওয়া সম্ভব হয়নি। বর্তমান সরকারের আমলে বিএনপির সঙ্গে জামায়াতও প্রথম যুগপৎ কর্মসূচি হিসেবে ৫ জুন হরতাল পালন করে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার দাবিতে তারা ওই হরতালে ডেকেছিল। এরপর গত রবি ও সোমবার টানা ৩৬ ঘণ্টার হরতালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সঙ্গে সংবিধান থেকে সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস মুছে ফেলা, মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্কের ধারা বিলুপ্তির অপচেষ্টা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, গ্যাস-বিদ্যুৎ-পানির তীব্র সংকট, শেয়ারবাজার ধ্বংস ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ লুণ্ঠনের দাবি যুক্ত করে। আর জামায়াত এসব দাবির সঙ্গে দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিটিও যুক্ত করে বিএনপির সঙ্গে যুগপৎ হরতাল পালন করে। এখন দলটি এই ‘যুগপৎ’ অর্জনকে ধরে রেখে আবার ‘ঐক্যবদ্ধ’ হতে চায় বলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন নেতা প্রথম আলোকে বলেছেন।অবশ্য ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগর কমিটির প্রচার সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ দাবি করেন, ‘হরতালে আমাদের নেতাদের মুক্তির দাবির প্রতি সবাই একাত্মতা প্রকাশ করেছে। কেউ এর বিরোধিতা করেছে বলে শুনিনি।’ তা হলে এই দাবিতে জামায়াত একা হরতাল দেয়নি কেন—এই প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ‘সেই পরিকল্পনাও জামায়াতের ছিল। কিন্তু এর আগেই সরকার হরতালের নতুন প্রেক্ষাপট সৃষ্টি করেছে।’ আড়াই বছর পর একত্রে মাঠে: বিএনপি-জামায়াত সর্বশেষ একত্রে মাঠে ছিল গত জাতীয় সংসদ নির্বাচনের সময়। নির্বাচনে চারদলীয় জোটের ভরাডুবির পর বিএনপি ও জামায়াতের সম্পর্ক বৈরী হয়ে ওঠে। এর রেশ ধরে নির্বাচনের পর প্রায় সাত মাস দুই দলের শীর্ষস্থানীয় নেতাদের মুখ দেখাদেখিও বন্ধ ছিল।ওই সময় (নির্বাচনোত্তর) বিএনপির তৃণমূল পর্যায়ের সাক্ষাৎকারে বেশ কিছু নেতা নির্বাচনে পরাজয়ের জন্য জামায়াতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের সংশ্লিষ্টতাকে বড় কারণ বলে উল্লেখ করেন। বিএনপির মাঠপর্যায়ের অনেকে জামায়াতের সঙ্গে সম্পর্কচ্ছেদেরও দাবি তোলেন।যুদ্ধাপরাদের বিচারের প্রক্রিয়া শুরু হওয়ার পর, বিশেষ করে গত বছরের ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের পর ব্যাপক অভিযানের মুখে কোণঠাসা হয়ে পড়ে দলটি। ওই সময়ে জামায়াতের নেতারা বিডিআর বিদ্রোহ ও টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ পরিকল্পনাসহ নানা অজুহাতে বিএনপিকে কাছে পেতে চেষ্টা করে ব্যর্থ হয়। আড়াই বছর পর চলতি মাসে ‘যুগপৎ’ কর্মসূচিতে দল দুটি আবার একত্র হয়।জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘দুই দলের (বিএনপি-জামায়াত) মধ্যে কোনো দূরত্ব হয়েছে, তা আমরা স্বীকার করি না। তবে এটা ঠিক, যুগপৎ কর্মসূচি দুই দলকে কাছাকাছি এনেছে।’আর জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল মনে করেন, রাজনীতির প্রয়োজনেই বিএনপি-জামায়াত একসময় ঐক্যবদ্ধ হবে।একই মত বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনেরও। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো জোটগত আন্দোলন শুরু করিনি। ভবিষ্যতে জোটবদ্ধ কর্মসূচি আসতেও পারে।’