হরতালের বিরুদ্ধে কথা বলার নৈতিক অধিকার নেই এই সরকারের: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, হরতালের বিরুদ্ধে কথা বলার নৈতিক অধিকার আওয়ামী লীগ সরকারের নেই। কেননা দুটি সংসদে আওয়ামী লীগ বিরোধী দল থাকাকালে হরতাল দেওয়ায় রেকর্ড সৃষ্টি করেছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, হাবিব-উন-নবী খান, সুলতান সালাউদ্দিন ও দলের মহাসচিবের ছেলে আখতার হামিদের বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। খোন্দকার মোশাররফ বলেন, ৯১-৯৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে ১৭৩ দিন, ২০০১-০৬ আমলে ১৫৩ দিন হরতাল দিয়েছিল তখনকার বিরোধী দল আওয়ামী লীগ। তা ছাড়া ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার প্রথম ২২ মাসে ৮০ দিন হরতাল পালন করেছিল তারা। অথচ বর্তমান সরকারের ২২ মাসের দুঃশাসনের বিরুদ্ধে জনগণের দাবি আদায়ের জন্য বিএনপি মাত্র দুটি হরতাল পালন করেছে। ৩০ নভেম্বর আর এক দিনের হরতাল ডাকা হয়েছে। এই হরতালই শেষ নয়, ফ্যাসিবাদী সরকারকে যতদিন ক্ষমতাচ্যুত না করা যায় ততদিন আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।খোন্দকার মোশাররফ আরও বলেন, আওয়ামী লীগ নানা ওয়াদা করে ক্ষমতায় এসে জনগণকে ধোঁকা দিয়েছে। বিএনপি এর বিরুদ্ধে হরতাল ডেকেছে। সরকার দুর্বল, তাই আওয়ামী লীগের কিছু নেতা আবোল-তাবোল কথা বলছেন। প্রধান বিচারপতির বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠনের কোনো নেতা-কর্মী জড়িত থাকতে পারে না। এ ধরনের ন্যক্কারজনক কাজ করার শিক্ষা তারা পায়নি।