হরতালের বিরুদ্ধে বর-কনের অভিনব প্রতিবাদ
বিবাহোত্তর সংবর্ধনায় (ওয়ালিমা) যোগ দিতে বর-কনে কমিউনিটি সেন্টারে গেলেন হেঁটে। একেবারে মিছিল নিয়ে। মিছিলে ছিল ব্যানারও। সেটিতে লেখা ছিল ‘ক্ষোভ ও ঘৃণায় এ পদযাত্রা’।এভাবেই গতকাল বুধবার রাতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের রাকিবুল হাসান-ভিকারুন্নেসা দম্পতি ও তাঁদের স্বজনেরা। তাঁরা নগরের দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে হেঁটে প্রায় দুই কিলোমিটার দূরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যান। তাঁদের সঙ্গে মিছিলে ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেখা আলমও। বর-কনে ও তাঁদের ঘনিষ্ঠজনেরা জানান, হরতালে অতিষ্ঠ হয়ে তাঁরা এই অভিনব প্রতিবাদ জানান। হরতালের কারণে বর ও কনের জন্য কোনো গাড়ি কেউ ভাড়া দিতে নারাজ। এমনকি নিজেদের গাড়ির নিরাপত্তা নিয়েও তাঁরা চিন্তায় ছিলেন। তাই শেষ পর্যন্ত হেঁটে যাওয়ার প্রস্তাব দেন বরের মামা মো. জামসেদ। এ প্রসঙ্গে বর চিকিত্সক রাকিবুল হাসান বলেন, তিনি বিষয়টিকে হরতাল, সরকার ও বিরোধী দলের ওপর মানুষের আস্থাহীনতার একটি প্রতীকী প্রতিবাদস্বরূপ দেখছেন। তিনি বলেন, ‘আমরা কোনো দলের পক্ষে নই। যে রাজনৈতিক অস্থিরতা চলছে, তাতে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সরকার বা বিরোধী দল কেউই তাকাচ্ছে না জনগণের দিকে। বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা সাধারণ মানুষ।’গত ২৫ মার্চ নগরের আগ্রাবাদ এক্সেস রোডের মানজুমা প্যালেসে বিয়ে হয় রাকিবুল-ভিকারুন্নেসার। সেদিনও ছিল সকাল-সন্ধ্যা হরতাল। তবে বিয়ের অনুষ্ঠান ছিল রাতে। তাই বেশি সমস্যায় পড়তে হয়নি। গতকাল রাতের ওয়ালিমা অনুষ্ঠানস্থল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ছিল বরের বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। হরতালের মধ্যে সেখানে যাওয়া নিয়ে চিন্তা ছিল সবার মধ্যে। শেষ পর্যন্ত বর-কনেসহ প্রায় ৪০-৫০ জনের একটি দল রাত সাড়ে আটটায় দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দিকে রওনা দেন। বরের পরনে ছিল স্যুট আর কনের পরনে শাড়ি। ব্যানার হাতে দুজনই ছিলেন সামনের দিকে। ব্যানারে বর-কনের ছবিও ছিল। এ সময় রাস্তার দুই পাশে তাঁদের দেখতে উত্সুক মানুষের ভিড় জমে। বরযাত্রী হিসেবে থাকা বরের বোন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া মুনতাহিনা বলেন, ‘হরতালের কারণে আমরা প্রতিদিন ক্ষতিগ্রস্ত। কারণ, আমাকে হরতালেও ২৫ কিলোমিটার দূরের বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে। তাই আমরা সবাই এই সিদ্ধান্ত নিলাম।’ কনে ভিকারুন্নেসা এমন একটি প্রতিবাদের মধ্য দিয়ে তাঁর বিয়ে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন।