রাজধানীতে আগামী রোববার ডাকা বিরোধী দলের হরতালের মধ্যে ডিগ্রি পাস, বিএডসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ডিগ্রি পরীক্ষা ৬১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজধানীর কেন্দ্র মাত্র ১৭টি। এ কারণে ওই পরীক্ষা স্থগিত করা হয়নি। এর আগে সিলেটে আঞ্চলিক হরতালের দিনেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রথম আলোকে জানান, আঞ্চলিক কর্মসূচিতে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করে না। তা ছাড়া এ পরীক্ষা স্থগিত করা হলে জানুয়ারির মধ্যে আর তারিখ পাওয়ার সুযোগ নেই। এসব কিছু বিবেচনা করে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রথম বর্ষে ভর্তির সময় বৃদ্ধি: এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে। ছাত্রছাত্রীরা অনলাইনে পূর্বনির্ধারিত ৪ ডিসেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর ২০১১ পর্যন্ত (www.nuadmission2011.org.bd) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।