বিএনপি-জামায়াতের ডাকা টানা দুই দিনের হরতালের শেষ দিনটি ছিল শান্তিপূর্ণ। কোথাও বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। তবে হরতালের প্রথম দিনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের হামলার ঘটনার রেশ ছিল দ্বিতীয় দিনেও।গতকাল বৃহস্পতিবার রাজধানীর প্রধান প্রধান সড়কে বিএনপির নেতা-কর্মীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। মালিবাগ, কারওয়ান বাজারে বিএনপির অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মীকে কয়েক মিনিটের জন্য মিছিল করতে দেখা গেছে। তবে সেখানে উপস্থিতি ছিল হাতে গোনা। অন্যদিকে রাজধানীর বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠন।প্রথম দিনের তুলনায় হরতালের দ্বিতীয় দিনে সড়কগুলোতে যান চলাচল ছিল বেশি। বাস চলেছে, সিএনজিচালিত অটোরিকশার চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। আর সব সড়কেই ছিল রিকশার অবাধ চলাচল। যানবাহনের স্বল্পতা ও বৃষ্টির কারণে সাধারণ মানুষের ভোগান্তি ছিল দুই দিনের হরতালের অনুষঙ্গ।এদিকে গতকাল রাত ১০টার দিকে শাহবাগে একটি মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গুলিস্তান থেকে ছেড়ে আসা ইউটিসি পরিবহনের বাসটি পল্লবীতে যাচ্ছিল। শাহবাগ মোড়ে পৌঁছালে দুষ্কৃতকারীরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিকেরা এই হরতাল পালন করে। আজ শুক্রবার পৃথক সংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াত নতুন কর্মসূচির ঘোষণা দেবে বলে জানা গেছে।হরতালের প্রথম দিনে পুলিশের লাঠিপেটায় আহত জয়নুল আবদিন ফারুকের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে বিএনপির সাংসদেরা গতকাল সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, সরকার বিরোধী দলের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। নেতা-কর্মীদের কোথাও দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না। তিনি দাবি করেন, সরকারের বাধার পরও জনগণ এই হরতালের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে স্বতঃস্ফূর্তভাবে তা পালন করেছে। বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, দ্বিতীয় দিনে সারা দেশে তাঁদের প্রায় ৫৫০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আহত হয়েছেন প্রায় ৬০০ নেতা-কর্মী।বিএনপির সাংসদদের অবস্থান কর্মসূচি: বিরোধীদলীয় চিফ হুইপের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সকালে সংসদ ভবনে ঢোকার মুখে টানেলের পূর্ব পাশে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির সাংসদেরা। তাঁরা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা হয়েছে। আর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাচার করেছেন। অবিলম্বে হামলাকারী পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা।বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারী পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে গেলেন, অথচ আহত বিরোধীদলীয় চিফ হুইপকে দেখতে যাননি। মিথ্যা মামলা সাজিয়ে তাঁকে গ্রেপ্তারের চেষ্টাও চলছে। আবুল খায়ের ভূঁইয়া বলেন, গণতান্ত্রিক কোনো দেশে সংসদ চলাকালে সংসদ ভবন এলাকায় বিরোধীদলীয় চিফ হুইপের ওপর হামলার নজির নেই। হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংসদ জেড আই এম মোস্তফা আলী।সাংসদ শাম্মী আক্তার বলেন, এ বিষয়ে সংসদে নিন্দা প্রস্তাব পাস করা উচিত ছিল। সৈয়দা আশিফা আশরাফী বলেন, আওয়ামী লীগ, যুবলীগ রাস্তায় মিছিল করবে, আর বিরোধী দল মিছিল করতে পারবে না; এটা গণতন্ত্র হতে পারে না।পরে হরতালের সমর্থনে বের করা সাংসদদের মিছিল টানেলের পূর্ব পাশ থেকে পশ্চিমে যায় এবং সংসদ ভবনের ভেতরে গিয়ে তা শেষ হয়।অবরুদ্ধ কেন্দ্রীয় কার্যালয়: গতকালও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে পুলিশ। বিএনপি সেখানে কোনো মিছিল করতে পারেনি। সারা দিন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেন। তাঁরা কার্যালয়ের সামনের ফুটপাতে এসে দুই দফা অবস্থান নেন। এ ছাড়া আর কোনো নেতাকে কেন্দ্রীয় কার্যালয়ে দেখা যায়নি।বিভিন্ন স্থানে মিছিল: সকাল সাতটার দিকে বসুন্ধরা সিটির সামনে থেকে স্বেচ্ছাসেবক দল একটি মিছিল বের করে পান্থপথ মোড়ে যায়। সেখান থেকে কারওয়ান বাজার মোড় ঘুরে মিছিলটি বসুন্ধরা সিটির সামনে এসে শেষ হয়। মিছিলকারীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে তারা সেখানে একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে।রাজধানীর মালিবাগ এলাকায় মিছিল করেছে ছাত্রদল। দুপুর ১২টার দিকে ছাত্রদলের ভারপ্রাপ্ত সহসভাপতি শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে মিছিলটি বের হয়। এর আগে ছাত্রদল গ্রিন রোডে সমাবেশ করার চেষ্টা করলেও সেখানে র্যাব-পুলিশের পাহারা দেখে মিছিল না করেই ফিরে আসে। এ ছাড়া খিলগাঁও, মগবাজারসহ বিভিন্ন স্থানে ছোট ছোট মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।পুরান ঢাকা: হরতালের সমর্থনে মিছিল করার চেষ্টা করলে বিকেল পৌনে চারটার দিকে কলতাবাজার এলাকা থেকে তিন মহিলা ওয়ার্ড কমিশনারসহ জাতীয়তাবাদী মহিলা দলের ছয়জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন: কোতোয়ালি থানার ওয়ার্ড কমিশনার বেগম রাজিয়া আলী ও সুরাইয়া বেগম, সূত্রাপুর থানার ওয়ার্ড কমিশনার মমতা চৌধুরী, মিতা দত্ত, লাইলী বেগম ও লিলু আক্তার।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাঁদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।সকাল থেকেই ছাত্রলীগের কর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকে পাহারা বসান। তবে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।জামায়াতের মিছিল: গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামী হরতালের সমর্থনে চোরাগোপ্তা মিছিল করেছে। এসব মিছিলের বেশির ভাগই ছিল সূর্য ওঠার সামান্য আগে অথবা পরে।গত বুধবার মিরপুর গোলচত্বরে লাঠিপেটা খাওয়ার পর গতকাল ভোর পাঁচটায় মিরপুরে বিআরটিএ কার্যালয়ের পাশ থেকে জামায়াত মিছিল বের করে। মিছিলটি ১০ নম্বর গোলচত্বরের কাছে এসে শেষ হয়। ওই সময় এই এলাকায় পুলিশ ছিল না।সকাল আটটার দিকে মতিঝিল এজিবি কলোনির পাশ থেকে হরতালের সমর্থনে জামায়াত মিছিল বের করে। মিছিলটি ফকিরের পুলের দিকে ৫০০ গজ যাওয়ার পর পুলিশ পেছন থেকে ধাওয়া ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া জামায়াত ও ছাত্রশিবির বাবুবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে। পুলিশ পেছন থেকে ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় লাঠিপেটায় সাতজন আহত হয়। সকালে বাড্ডায় পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।সকাল সাতটার দিকে পূর্ণিমা সিনেমা হলের সামনে থেকে জামায়াতের একটি মিছিল ফার্মগেটের দিকে যাওয়ার চেষ্টা করে। পুলিশ আসতে দেখে তারা দৌড়ে পালিয়ে যায়। এ ছাড়া ডেমরার কাজলা, জুরাইন, দোলাইর পাড়সহ আরও কয়েকটি এলাকায় জামায়াত চোরাগোপ্তা মিছিল করে।বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, গত দুই দিনে ঢাকা মহানগরে ৪৬ জনসহ সারা দেশে জামায়াত-শিবিরের ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।হরতালে দুই দিনের বিরতি: দুই দিন বিরতির পর আগামী রোববার থেকে সারা দেশে আবার টানা ৩০ ঘণ্টার হরতাল। এই হরতাল কর্মসূচি দিয়েছে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ জুলাই এবং ধর্মভিত্তিক ১২টি দল ও সংগঠন ১০ ও ১১ জুলাই টানা ৩০ ঘণ্টা হরতালের কর্মসূচি দিয়েছে।পঞ্চদশ সংশোধনীর সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি তুলে দিয়ে ‘ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র’ সংযোজন করার প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়।