হরতালের শেষ দিনে সংঘর্ষ, লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বগুড়া, কুড়িগ্রাম, বরিশাল, জামালপুরের মাদারগঞ্জ ও গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন স্থানে পুলিশ বিএনপির কর্মীদের লাঠিপেটা করেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ ও লাঠিপেটায় সারা দেশে বিএনপির নেতা-কর্মী এবং পুলিশসহ ৬৪ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ আটক করে ৬৯ জনকে। এ ছাড়া নোয়াখালী, সিলেট, কুড়িগ্রাম ও কক্সবাজারে প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করে হরতালের সমর্থকেরা।ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: গতকাল সকাল থেকেই মালতিনগর বকশীবাজার এলাকায় হরতাল সমর্থনকারীরা পিকেটিং করছিল। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এক পিকেটারকে আটক করে। এ সময় ৩০/৪০ জন হরতাল সমর্থনকারী পুলিশের ওপর হামলা চালিয়ে ওই পিকেটারকে ছিনিয়ে নেয়। এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছে লাঠিপেটা শুরু করে। এ সময় পিকেটাররাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পিকেটারদের ইটের আঘাতে ডিবি পুলিশের কনস্টেবল মতিয়ার ও জসীম আহত হন। একপর্যায়ে পিকেটাররা পিছু হটলে পুলিশ সেখান থেকে পাঁচজনকে আটক করে। একই সময় বগুড়া-গাবতলী সড়কের সাবগ্রাম এলাকায় পিকেটাররা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার চেষ্টা করে। বরিশাল: সকাল সাড়ে ছয়টার দিকে বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে হাসপাতাল রোড এলাকায় নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন ছয়জন নেতা-কর্মী। এ সময় দুজন কর্মীকে আটক করে পুলিশ। অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে আদালত চত্বর থেকে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল ও সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে লাঠিপেটা করে। এতে চারজন নেতা-কর্মী আহত হন।সিলেট: গতকাল সকালে নগরের মদিনা মার্কেট এলাকায় টহল পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে পিকেটাররা। এ ছাড়া সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে একটি প্রাইভেট কার এবং বটেশ্বরে অপর একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। এ ছাড়া, দরগা গেট ও জিন্দাবাজারে দুটি ইজি বাইক ভাঙচুর করে পিকেটাররা। দক্ষিণ সুরমায় একটি অটোরিকশা আগুনে পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।বেলা সাড়ে ১১টার দিকে জিন্দাবাজারের আল মারজান শপিং সেন্টার এলাকা থেকে মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও মহানগর শাখার সভানেত্রী সামিয়া বেগম চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর সালেহা কবির ও শাহানারা বেগম, সাবেক কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন এবং রেহানা ফারুক শিরিনকে আটক করে পুলিশ। তবে ঘণ্টা খানেক পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। রাজশাহী: গতকাল সকাল আটটার দিকে নগরের উপশহর নিউমার্কেট এলাকা থেকে একটি মিছিল বের করেন বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। মিছিল শেষে নিউমার্কেট এলাকায় সমাবেশের চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে পুলিশ জামায়াত এবং বিএনপির ২৩ কর্মীকে আটক করে।রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু সকাল সাড়ে ১০টার দিকে নগরের মালোপাড়ায় দলীয় কার্যালয়ের নিচে এসে বসার চেষ্টা করলেও পুলিশ তাঁকে বসতে দেয়নি। পরে তিনি সেখান থেকে চলে যান।খুলনা: বিএনপির নেতা-কর্মীরা গতকাল সকালে নগরের পিটিআই মোড় থেকে মিছিল করতে গেলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এতে মিজানুর রহমান ও শামিম আশরাফ নামের দুই কর্মী আহত হন। এ সময় মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মহিবুজ্জামানকে আটক করে পুলিশ।দিনাজপুর: গতকাল বেলা ১১টার দিকে শহরের টিঅ্যান্ডটি মোড় থেকে খোকন মিঞা (৩০) নামের এক বিএনপির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।কুড়িগ্রাম: জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে জিয়া বাজার থেকে গতকাল সকাল নয়টার দিকে একটি মিছিল বের হয়। মিছিলটি দাদা মোড়ে পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় যুবদল ও ছাত্রদলের ১৫ জন নেতা-কর্মী আহত হন। এ ছাড়া হরতাল চলাকালে শিশুনিকেতন মোড় ও জেলা পরিষদ মোড়ে পিকেটাররা দুটি অটোরিকশা ভাঙচুর করে।নীলফামারী: গতকাল সকালে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় জেলা বিএনপির সভাপতি আহসান আহম্মেদ শান্তিপূর্ণ মিছিল করার প্রতিশ্রুতি দিলে পুলিশের পাহারায় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পাঁচবিবি (জয়পুরহাট): প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উপজেলা বিএনপির সভাপতি আবদুল গফুর মণ্ডলের সমর্থকেরা গতকাল দুপুরে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি স্থানীয় কচুরলতি বাজারে পৌঁছার পর নেতা-কর্মীরা দেখেন সেখানে এক বিএনপি নেতার দোকান খোলা রয়েছে। সাবেক সভাপতি আবদুর রবসহ অপর পক্ষের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত আছেন। এটি দেখে মিছিলকারীরা ওই দোকানে হামলা চালায় এবং দোকানের পাশে রাখা আবদুর রবের মোটরসাইকেলসহ দোকানের মালামাল ভাঙচুর করে। এ সময় তিনজন আহত হয়।মাগুরা: বৃহস্পতিবার ভোরে শহরের ভায়না গ্রাম থেকে রফিকুল ইসলামসহ সাতজন এবং জাগলা থেকে একজনসহ বিএনপির আটজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সাতক্ষীরা: হরতালের সময় গতকাল সকালে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকা থেকে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও শ্রমিক দলের কর্মী শাওন হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।সিরাজগঞ্জ: হরতালে সহায়তা করার অভিযোগে সিরাজগঞ্জ শহর থেকে সাতজন এবং শাহজাদপুর পৌর শহর থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।নোয়াখালী: গতকাল সকাল সাতটার দিকে শহরের নাপিতের পোল, মাইজদী বাজার, বড় মসজিদের মোড়, দত্তেরহাট ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় ছয়-সাতটি পিকআপ ও ট্রাক ভাঙচুর করে পিকেটাররা।এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেলার সেনবাগ উপজেলার ছমির মুন্সীরহাট বাজারে পিকেটাররা ১৪-১৫টি ট্রাক-পিকআপ ভাঙচুর করে। একই রাতে পুলিশ জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাতজন নেতা-কর্মীকে আটক করেছে।কক্সবাজার: সকাল ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় বিএনপি ও জামায়াতের পিকেটাররা কয়েকটি মাইক্রোবাস ও ট্যাক্সি ভাঙচুর করে। এ সময় পুলিশ জামায়াতের দুজন কর্মীকে আটক করে।মাদারগঞ্জ (জামালপুর): জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি বাজারে সকাল সাড়ে সাতটার দিকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও পিকেটারদের মধ্যে প্রায় এক ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ এ সময় ২৮টি ফাঁকা গুলি ও ছয়টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুকসহ ১৫ জন আহত হন।কালিয়াকৈর (গাজীপুর): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবীর খান ও মজিবুর রহমানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী গতকাল সকাল নয়টার দিকে কালিয়াকৈর বাজারের দলীয় কার্যালয়ে জড়ো হন। নেতা-কর্মীরা সেখান থেকে একটি মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাসে গিয়ে উঠলে পুলিশ বাধা দেয়। নেতা-কর্মীরা বাধা উপেক্ষা করে মিছিল ও পিকেটিং করতে গেলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময় পুলিশ সেলিম মোল্লা নামে একজন দলীয় কর্মীকে আটক করে।