হরতালের সমর্থনে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। হরতাল-সমর্থকদের সঙ্গে সরকারদলীয় নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। বিএনপি ও জামায়াতের ১১ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আহত হয়েছে পুলিশ সদস্যসহ ১২ জন।চট্টগ্রামে একাধিক পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নোয়াখালীতে মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষে যুবলীগ ও যুবদলের নেতা-কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। মাগুরায় মিছিল থেকে ভাঙচুর করা হয় দোকান ও যানবাহন। ফরিদপুর ও সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। শেরপুর শহরের গৃদা নারায়ণপুর এলাকায় গতকাল সন্ধ্যায় একটি প্রাইভেট কারে আগুন দিয়েছেন হরতাল-সমর্থকেরা। এদিকে, পূর্বের বিভিন্ন সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় সিলেটে জামায়াতের এক নেতা ও সাতক্ষীরায় জামায়াতের দুই কর্মীকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। সিলেটে জামায়াতের নেতাকে মুক্তি দেওয়া না হলে আগামী বুধবার বিভাগের চার জেলায় হরতালের হুমকি দিয়েছে দলটি। এ ছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক করা হয়েছে শিবিরের নেতাসহ পাঁচ শিক্ষার্থীকে।ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: নগরের প্রবর্তক মোড়, আগ্রাবাদ, টিভি ভবন এলাকা, মুরাদপুর, টাইগার পাস এলাকা ও বাকলিয়াসহ অন্তত ১০টি স্থানে গতকাল রাতে পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এসব বিস্ফোরণ হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য এটা করা হয়েছে বলে মনে হচ্ছে।নোয়াখালী: সেনবাগ পৌর শহরে গতকাল বিকেলে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি শহরের পূর্ব বাজারের দিকে যখন যাচ্ছিল, তখন যুবদলের নেতা তাজুল ইসলামের একটি পিকআপ ভ্যানও ওই পথে যাচ্ছিল। মিছিলকারীরা পিকআপ ভ্যানটিকে সাইড দিতে বলার পর তাজুলের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় পাশের দোকানে বসা যুবলীগের নেতা গোলাম ছারওয়ার এগিয়ে গেলে জামায়াত-শিবির কর্মীদের হামলার শিকার হন। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হন।আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (২৫) ও যুবলীগের উপজেলা কমিটির নেতা গোলাম ছারওয়ার (৩৮) ও কাদরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দ্বীন মোহামঞ্চদ (২৮)।পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ আহ্বান করায় গতকাল রোববার বেলপুকুর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বেলা আড়াইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ আদেশ বলবৎ ছিল।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এবং ১৮ ও ১৯ মার্চ হরতালের সমর্থনে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার সমর্থক পক্ষ এবং স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলামের সমর্থকেরা পৃথকভাবে গতকাল বিকেল সাড়ে চারটায় বেলপুকুর মোড়ে বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।মাগুরা: হরতালের সমর্থনে গতকাল বিকেলে জেলা বিএনপির দুই পক্ষ শহরে দুটি পৃথক মিছিল বের করে। বিকেল পৌনে চারটার দিকে শহরের সৈয়দ আতর আলী সড়কের সাবুতলা এলাকায় একটি মিছিলে পুলিশ বাধা দেওয়ার পর নেতা-কর্মীরা আশপাশের কয়েকটি দোকানে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন। এ ছাড়া মিছিলকারীরা পরে শহরের ঢাকা রোড এলাকায় কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করেন।ফরিদপুর: ফরিদপুর শহরে গতকাল সন্ধ্যায় মশাল মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিছিলটি আলীপুর এলাকার বাদামতলী সড়ক থেকে শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুজিব সড়ক দিয়ে জনতা ব্যাংকের মোড়ে যাওয়ার পথে বাটা বাজার এলাকায় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন ও স্বেচ্ছাসেবক দলের কর্মী মাহফুজুর রহমানকে আটক করে পুলিশ। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আমিনুদ্দিন দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।সাতক্ষীরা: স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে শহরের পলাশপোল রাধানগরের বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আবদুল হান্নান জানান, গত ডিসেম্বরে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকায় বাস পোড়ানো মামলার আসামি তারিকুল হাসান। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ ছাড়া ৫ মার্চ কালীগঞ্জ উপজেলার নলতায় ১৪৪ ধারা ভঙ্গ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা, দোকানপাট ভাঙচুর ও গাছ কেটে অবরোধ সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার কাজলা গরিবুল্লাহ বিশ্বাস দাখিল মাদ্রাসার অধ্যক্ষ পারুলগাছা গ্রামের শওকত হোসেন (৪৫) ও একই উপজেলার রহিমপুর গ্রামের আবদুল হাকিম (৪৬)।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেঞ্চদ মাসুদ জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।ত্রিশাল: গতকাল বিকেলে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস গেট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে গো-মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শুরু করে। তবে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলায় গত শনিবার রাতে জামায়াত-শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তারের পর তাঁদের ছিনিয়ে নিতে সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পুলিশ রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ সময় লাঠি ও ইটপাটকেলের আঘাতে সাত পুলিশ সদস্য আহত হন।খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণকুমার জানান, জামায়াতের ডাকা হরতালের সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়। এ মামলার আসামিদের ধরতে শনিবার রাত দুইটার দিকে উপজেলার ভেড়ভেড়ি গ্রামে অভিযানে যায় পুলিশ। এ সময় আনিসুর রহমান (৪০), মজিবর রহমান (৪৫) ও শেফাউল ইসলাম (৩০) নামের এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিদের নিয়ে থানায় ফেরার পথে জামায়াত-শিবিরের লোকজন লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাঁরা পুলিশের ওপর ইটপাটকেলও নিক্ষেপ করেন। হামলাকারীরা পুলিশের কাছ থেকে তিন আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। তবে এ সময় হামলাকারীদের ইটপাটকেল ও লাঠির আঘাতে সাত পুলিশ সদস্য আহত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য জানান, আহত পুলিশ সদস্যদের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা শিবিরের সভাপতিসহ পাঁচ ছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মির্জাপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন আবদুল লতিফ হল শাখা ছাত্রশিবিরের সভাপতি রসায়ন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী নাজমুস সাদাত, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজীব আহমেদ, ফলিত রসায়ন বিভাগের আবদুস সাকিব, পরিসংখ্যান বিভাগের নজরুল ইসলাম এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের হাবিবুর রহমান।সিলেট: সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় ১৭টি মামলার আসামি সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরকে আটক করা হয়েছে। গতকাল ভোররাতে ঢাকার উত্তরা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) একটি দল তাঁকে আটক করে।মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম প্রথম আলোকে জানান, মঙ্গলবারের মধ্যে জুবায়েরকে মুক্তি দেওয়া না হলে আগামী বুধবার সিলেট বিভাগের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।