অর্ধশতাধিক নেতা-কর্মী আটক পুলিশের পরিদর্শক গুলিবিদ্ধ
হরতালের সমর্থনে মিছিলে পুলিশের লাঠিপেটা
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা আজকের হরতাল সামনে রেখে পুলিশ গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে ধরপাকড় চালিয়েছে। খুলনা, ফেনী, কিশোরগঞ্জ, বরিশাল, নারায়ণগঞ্জে আটক করা হয়েছে অর্ধশতাধিক নেতা-কর্মীকে। এ ছাড়া হরতালের সমর্থনে বের করা মিছিলে পুলিশের বেধড়ক লাঠিপেটায় প্রায় অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন। এদিকে রাজশাহীতে হরতালের সমর্থনে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের একজন পরিদর্শক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: বিকেলে নগরের ভুবনমোহন পার্কে সমাবেশ শেষে সন্ধ্যায় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সাহেববাজার জিরো পয়েন্টের দিকে যেতে রাজশাহী প্রেসক্লাবের সামনে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ মিছিলে ব্যাপক লাঠিপেটা শুরু করলে মিছিলকারীরাও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুরো সাহেববাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ৫০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে মিজানুর রহমান নেতা-কর্মীদের নিয়ে ভুবনমোহন পার্কে ফিরে গিয়ে মিছিলের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।এদিকে জিরো পয়েন্টে আগে থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেখানে গুলির আওয়াজ পাওয়া যায়। পরে জানা যায়, নগরের বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) খান মো. শাহরিয়ার গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ইটের আঘাতে খলিলুর রহমান নামের একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ওবায়দুল্লাহর দাবি, পুলিশকে লক্ষ্য করে ছোড়া গুলিতে পরিদর্শক খান মো. শাহরিয়ার আহত হয়েছেন। অভিযোগ অস্বীকার করে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, পুলিশের গুলিতেই পুলিশ আহত হয়েছে। মিছিলে অস্ত্র বহন করার প্রশ্নই ওঠে না। তিনি জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনিসহ বিএনপির অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন জায়াগায় চিকিৎসা নিয়েছেন। নারায়ণগঞ্জ: শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিকেলে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। কিন্তু পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে তৈমুর আলম খন্দকার ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক এ টি এম কামালসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ শহর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রশিদুর রহমান রুশো, মহানগর যুবদলের নেতা জুয়েল প্রধানসহ বিএনপির পাঁচজন নেতা-কর্মীকে আটক করেছে।এদিকে বিকেলে হরতালবিরোধী মিছিল করেছে জেলা যুবলীগ। মিছিলটি শহরের চাষাঢ়া এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামউদ্দিন নিজামের সভাপতিত্বে মিছিলপূর্ব এক সমাবেশে বক্তারা আজ রোববার ব্যবসায়ীদের দোকানপাট খোলা রাখা ও গাড়ি চলাচলের আহ্বান জানান।ফেনী: শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের অস্থায়ী কার্যালয় থেকে বিকেলে বিএনপি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এরপরও তারা মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এ সময় বিএনপির কর্মী-সমর্থকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে জেলা যুবদলের নেতা শাহাদাত, কামাল মজুমদার, সোহেলসহ ২০ জন নেতা-কর্মীকে আটক করে। এ ছাড়া শুক্রবার রাতে সদর থানা ছাত্রদলের সভাপতি নূর হোসেন সেলিমকে আটক করে পুলিশ।বরিশাল: বরিশাল জেলা ও মহানগর কার্যালয় থেকে বিএনপির নেতা-কর্মীরা একাধিকবার মিছিল বের করতে চাইলেও পুলিশের বাধার কারণে তা করতে পারেনি। পরে বিকেল পাঁচটার দিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহীন ও বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলতাফ মাহমুদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি সদর রোডে গেলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১০ জন নেতা-কর্মী আহত হন। আহতদের মধ্যে আছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহীন, প্যানেল মেয়র অলতাফ মাহমুদ শিকদার, জিয়াউদ্দিন শিকদার, আবুল কালাম শাহীন প্রমুখ। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে। খুলনা: পুলিশ ভোর থেকে দুপুরের মধ্যে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪০ জন নেতা-কর্মীকে আটক করেছে বলে খুলনা নগর পুলিশের বিশেষ শাখা জানিয়েছে। তাদের মধ্যে সদর থানায় রয়েছে ১৬ জন, সোনাডাঙ্গা থানায় ১৪, খালিশপুর থানায় সাত, দৌলতপুর থানায় তিন ও খানজাহান আলী থানায় দুজন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মণি জানান, এ ছাড়া বিএনপির একাধিক নেতা-কর্মীর বাড়িতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে। ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ থানা বিএনপি সকালে মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলাবাজার মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় পুলিশ সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। নোয়াখালী: পৌর বাজারের সামনে থেকে বিকেলে মিছিল বের করে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকেরা। মিছিলটি জেলা জামে মসজিদ মোড়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের লাঠিপেটায় পৌর ছাত্রদলের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আবদুল কাইয়ুম ও ছাত্রদলের কর্মী সুজন আহত হন। গুরুতর আহত কাইয়ুমকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা জামায়াতের নেতা-কর্মীরা বিকেলে শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা শিবিরের সভাপতি জহিরুল ইসলামসহ দুজনকে আটক করেছে। ময়মনসিংহ: শহরের নতুনবাজার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতা-কর্মীরা বিকেলে মিছিল বের করে। মিছিলটি শহরের সিটি স্কুলের সামনে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। পরে মিছিলটি নতুন বাজার মোড়ে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ প্রমুখ। এদিকে একই সময় বড় মসজিদের সামনে থেকে জামায়াতের একটি মিছিল বের হলে পুলিশ সেখানেও বাধা দেয়। পরে মিছিলটি চকবাজারে গিয়ে শেষ হয়।