হরতালের সমর্থনে ২৩ সংগঠনের মশাল মিছিল
হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে হরতাল আহ্বানকারী ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রগতিশীল পেশাজীবী সমন্বয় পরিষদসহ ২৩ টি সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠন। মিছিলটি রাজধানীর প্রেসক্লাব থেকে শুরু হয়ে শিক্ষা ভবন-সচিবালয়-জিরো পয়েন্ট-গুলিস্তান-পল্টন হয়ে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে তাঁরা জমায়েত হয়ে সমাবেশ শুরু করেছেন।মিছিলে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির, সশস্ত্র জঙ্গিগোষ্ঠী এবং মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার স্লোগান দেওয়া হয়। এ ছাড়া মিছিলে আজ সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার এ হরতাল পালনের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়। এর আগে ২৪ ঘণ্টার হরতালের সমর্থনে বিকেল পাঁচটার দিকে টিএসসি থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ঘাতক দালাল নির্মূল কমিটি মিছিল বের করে। পরে তারা প্রেসক্লাবে জমায়েত হয়ে মশাল মিছিল বের করে। মিছিলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, আবৃত্তিকার হাসান আরিফ, আহকামুল্লাহ, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সস্পাদক কাজী মুকুলসহ হাজারো মুক্তিযোদ্ধা, নারী-পুরুষ, পেশাজীবী, সংস্কৃতিকর্মী ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী অংশ নেন।