বিএনপির ডাকা ৩০ নভেম্বরের হরতালে সমর্থন দেবে কি না, সে সিদ্ধান্ত আগামী রোববারে বিএনপিকে জানাবে চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী। এর আগে বিষয়টি নিয়ে জামায়াত দলীয় ফোরামে আলোচনা করবে। আজ শনিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। আজহারুল ইসলাম বলেন, ‘জোটের নেতার সঙ্গে হরতালের বিষয়ে আলোচনা হয়েছে। সরকার আজ সব ক্ষেত্রে ব্যর্থ। তাই নেত্রী হরতালের সমর্থন চেয়েছেন।’ তিনি বলেন, সরকার গণতন্ত্র মানে না। তারা জামায়াতে ইসলামীকে রাজপথে কোনো সভা-সমাবেশ করতে দেয় না। এমনকি দলের কার্যালয়ের ভেতরে সভা করতে দিচ্ছে না। গোপন বৈঠকের অভিযোগ এনে নেতাদের ধরে নিয়ে যাচ্ছে, অফিস তল্লাশি করা হচ্ছে। তিনি জানান, চারদলীয় ঐক্যজোট আছে এবং থাকবে।চারদলীয় ঐক্যজোটের অন্য তিন শরিক ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিস ইতিমধ্যে হরতালে সমর্থন দিয়েছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় জামায়াতের সঙ্গে বৈঠকে বসেন খালেদা জিয়া। বৈঠকে জামায়াতের দুই সদস্যের প্রতিনিধিদলের অন্যজন হলেন—ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে উপস্থিত ছিলেন।