হরতালের সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী
হরতালের কারণে নিত্যপণ্যের সরবরাহের ক্ষেত্রে সংকট তৈরি হচ্ছে। এর সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। আর তাই সব রাজনৈতিক দলের প্রতি হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।অন্যদিকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ সাফ জানিয়ে দিয়েছেন, হরতালের কারণে পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটলে দ্রব্যমূল্য বাড়ার দায় ব্যবসায়ীরা নেবেন না।আজ শনিবার সচিবালয়ে ভোজ্যতেল ও চিনি পরিশোধন কারখানা মালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে তাঁরা এসব কথা বলেন। এটি ছিল মূলত দুই পণ্যে নতুন বিপণনব্যবস্থা অর্থাত্ পরিবেশক পদ্ধতি বাস্তবায়নের জন্য গঠিত জাতীয় কমিটির প্রথম বৈঠক।বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্য, শিল্প, কৃষি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ট্যারিফ কমিশন, এফবিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই, চিনি ও ভোজ্যতেল ব্যবসায়ীদের দুই সমিতি এবং ১২টি পরিশোধন কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পরিবেশক নিয়োগসহ নতুন পদ্ধতি বাস্তবায়নের অগ্রগতি, এরই মধ্যে নিয়োগ করা পরিবেশকদের মাধ্যমে পণ্য বিপণনের হালনাগাদ চিত্র এবং অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশের অন্যান্য নির্দেশনা পালনে সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি ও পদক্ষেপ নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়েছে।বাণিজ্যমন্ত্রী বলেন, আবহাওয়াসহ প্রাকৃতিক দুর্যোগও অনেক সময় নিত্যপণ্যের দাম বাড়ার কারণ। এর সঙ্গে যুক্ত হয়েছে হরতাল। হরতালের কারণে পণ্যমূল্য বাড়ে। কারণ অসাধু ব্যবসায়ীরা এর সুযোগ নেন।বিরোধী দলের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপনারা হরতালের রাজনীতি বন্ধ করুন। যেসব কারণে হরতাল ডাকা হয়েছে, তা অযৌক্তিক। কেউ যদি দুর্নীতি করে থাকে বা বোমাবাজি করে থাকে, তার শাস্তি হবেই। হরতাল করে পণ্যের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাবেন না।’