১৩ বছরের মর্জিনা (ছদ্মনাম)। হলুদ শাড়ি পরেও বোঝে না কাল সে শ্বশুরবাড়ি যাবে। হলুদের অনুষ্ঠানে বসে বসে পুতুল খেলছিল আর মিষ্টি খাওয়ার বায়না ধরছিল। সবাই তাকে ঘিরে আনন্দ করছে, কিন্তু তাতে তার ভ্রুক্ষেপ নেই। ‘মিষ্টি খাব, সবার সঙ্গে বিয়ের গানে গলা মেলাব’ আরও কত বায়না তার। পাশে থেকে কেউ একজন বলে উঠল, বিয়ের কনেকে চুপ করে বসে থাকতে হয়। শ্বশুরবাড়ি গিয়ে খাবি। এর কয়দিন পরই পাশের বাড়ির ১৪ বছরের মিলা (ছদ্মনাম) জানতে পারে, তার বিয়ে ঠিকঠাক। ছেলে কাঠমিস্ত্রি। বয়স ২৪। মিলার ইচ্ছে, তার বন্ধুদের মতো আরও লেখাপড়া করার। কিন্তু বাবা-মা শুনছেন না। এখন উপায়? বন্ধুদের পরামর্শে বিয়ের দুদিন আগে লুকিয়ে হাজির হয় সদরের বাংলাদেশ মহিলা পরিষদের অফিসে। নকল জন্মনিবন্ধন সনদ দিয়ে জোর করে বিয়ে দেওয়ার ষড়যন্ত্র ফাঁস করে দেয় সে। সংগঠনের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে মিলা বাড়িতে পৌঁছায় বিয়ের দিন সকালে। কেন বিয়ে দেওয়া যাবে না, বলার পর কোর্ট পুলিশের ভয় দেখিয়ে সে দফা বেঁচে যায় মিলা। কিন্তু তারপর? মাস ছয়েক পরেই সবার অগোচরে লুকিয়ে সেই আগের জায়গাতেই বিয়ে দেওয়া হয় মিলার। এখন মিলা ১৬ বছরে এক সন্তানের মা। সিলেট জেলার জৈন্তাপুর, সেনগ্রাম, সুনামগঞ্জের ডলুরা, খাসপাড়া এলাকায় গেলে এ ধরনের হাজারো ঘটনা জানা যাবে। হঠাত্ যদি এসব এলাকায় অপরিচিত কেউ গিয়ে বাল্যবিবাহ হচ্ছে কি না জানতে চায়, তাহলে সবাই একবাক্যে বলতে থাকেন, এখানে আগে হতো, এখন হয় না। অথচ বাইরের মানুষ দেখতে বাড়ির বাইরের দরজায় বাচ্চা কোলে দাঁড়িয়ে থাকা কৌতূহলী মেয়েগুলোর কারোরই বয়স ১৫ বছরের বেশি হবে না, সেটা বোঝা যায়। অবিবাহিত কিশোরীদের একসঙ্গে বসার ব্যবস্থা করে কথা বলতে বলতে জানা গেল, সদরের আপারা এসব এলাকায় ঘুরে ঘুরে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে, বাল্যবিবাহ দেওয়া বেআইনি—প্রচারের পর থেকে বাবা-মা আইন-আদালতের ভয় পায়। তাই এখন বিবাহ হলেও আশপাশে বেশি জানানো হয় না। আর নারীনেত্রী বা নারী সংগঠনের প্রতিনিধিদের কানে যেন না যায়, সেটাও নিশ্চিত করা হয়। ফলে এসব অঞ্চলে লুকিয়ে মেয়ে বিয়ে দেওয়ার প্রবণতা বেড়েছে। কথা বলে আরও ভয়াবহ যে তথ্য জানা গেছে তা হলো, বাল্যবিবাহ তো হচ্ছেই, তার সঙ্গে বেড়েছে কাবিন ছাড়া বিয়ে পড়ানোর হার। কাবিন ছাড়া বিয়ে কেন, জানতে চাইলে রেশমা জানান, অপ্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষেত্রে অভিভাবক গ্রামের মওলানা এনে কবুল পড়িয়ে রাখে এবং শর্ত দেওয়া থাকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর কাবিন হবে। ততদিন সে মেয়ে বাপের বাড়িতে থাকবে। শ্বশুরবাড়ি যাওয়ার সময় কাবিন হবে। এই ভয়াবহ সিদ্ধান্ত নিতেও এখানকার অভিভাবকেরা পিছপা হন না কেন—এ প্রশ্নে রেশমার অভিভাবক জানান, ‘বখাটে ছেলেদের চোখ এড়িয়ে যে মেয়ে বড় করব, তার উপায় নেই। ছোট মেয়ের বিয়ে দিলে সরকার হাতে হাতকড়া পরাবে। তাহলে মেয়ের কী হবে?’১৩ বছরের মর্জিনার বাবা বলেন, ‘মেয়ে সুন্দরী, এলাকায় কখন কী ঘটে, তার গ্যারান্টি কে দেবে। বিয়ে দিয়ে দিলে কেউ নজর দেবে না।’ এই যুক্তিতে মেয়ের নিরাপত্তার অজুহাত হাজির করে হরদম কাবিন ছাড়া বিবাহ হচ্ছে। মেয়ে শ্বশুরবাড়ি না গেলেও স্বামীর সঙ্গে রাতযাপন করছে। যেহেতু কাবিন নেই, তাই মেয়ে প্রাপ্তবয়স্ক না হতেই অনেক সময় স্বামী এককথায় স্ত্রীকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। স্ত্রী তার অধিকার আদায়ের কোনো সুযোগ পাচ্ছে না। তখন বাবা পড়ছেন বিপাকে। তারপর? মেয়ে হয় বাচ্চা নিয়ে বাবার বাসায় অথবা এলাকা ছেড়ে কাজের সন্ধানে। যারা সিলেটের স্থানীয় নয় (ওদের ভাষায় আবাদি), দেশের বিভিন্ন এলাকা থেকে গিয়ে ওই সব এলাকায় ঘর বেঁধেছে, তাদের ক্ষেত্রে এ সমস্যা বেশি বলেও জানান তাঁরা।বাংলাদেশ মহিলা পরিষদের সুনামগঞ্জ শাখা এ বছর বাল্যবিবাহ ঠেকিয়েছে কুড়িটিরও বেশি। তবে পাশাপাশি এও বলেছেন, বেশির ভাগ বিবাহের খোঁজ তারা পায়নি। তাঁরা নিশ্চিত, এর চেয়ে অনেক বেশি বাল্যবিবাহ ঘটে গেছে। কেননা হাওড়ের এমন জায়গাও আছে, যেখানে যেতেই ১২ থেকে ২০ ঘণ্টা সময় লাগে। তারা নিজেদের অভিজ্ঞতার আলোকে জানায়, কোথাও বাল্যবিবাহ ঠেকাতে গেলে অভিভাবকেরা মেয়ের নিরাপত্তার দোহাই দেন। এ ছাড়া দাদির শেষ ইচ্ছা, নানির নাতবউ দেখার ইচ্ছা, বাবা অসুস্থ, পরিবারের কর্তা দরকার—এসব অজুহাত তো আছেই। তারা আরও জানায়, সবচেয়ে শঙ্কার কথা হলো, বাল্যবিবাহ দেওয়া বেআইনি জানার পরও কাবিন ছাড়া বিয়ের সংখ্যা বেড়েছে। শুধু প্রত্যন্ত হাওর এলাকা নয়, সদরের অনেক এলাকায় এই প্রবণতা রয়েছে। মানবাধিকারের কর্মীরা বলছেন, কাবিন ছাড়া বিয়ের কারণে অধিকারবঞ্চিত হলে মেয়েটি আইনত কিছু দাবি করতে পারবে না। মেয়েকে কী ধরনের অনিরাপদ জীবনে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেও ফল পাওয়া যাচ্ছে না। ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (নিপোর্ট) প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ১৮ বছর বয়স হওয়ার আগেই ৬৬ শতাংশ মেয়ের বিবাহ হয় এবং গত দুই দশকে এ হার প্রায় অপরিবর্তিত রয়েছে। এদিকে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০০৭ (বিডিএইচএস) অনুযায়ী, এ হার ৭০-এর কাছাকাছি। একই প্রতিবেদনে মেয়েদের গড় বিবাহের বয়স সাড়ে ১৫ বছরে দাঁড়িয়েছে বলে দাবি করা হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, পাহাড়ে, হাওরে ঠিক প্রতিদিন কী পরিমাণ বাল্যবিবাহ হচ্ছে, তার সঠিক হিসাব নেই বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, আমাদের এমন কোনো নেটওয়ার্ক নেই, যারা পুরো চিত্রটা তুলে ধরবে। সে কারণে অনেক এলাকার কোনো খবরই পাওয়া যায় না। তবে এটা কীভাবে সম্ভব হবে, সেটা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সুনামগঞ্জের মানবাধিকারকর্মী গৌরী ভট্টাচার্য বলেন, যাতায়াত ব্যবস্থার সমস্যার কারণে কিছু এলাকায় যাওয়া দুরূহ। সেসব জায়গায় এখন পর্যন্ত নিয়মিত কোনো সচেতনতা কার্যক্রম নেই বললেই চলে। আবার বাল্যবিবাহের খবর পেয়ে সবাইকে জড়ো করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে সেই জায়গায় যেতে যেতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে। এ বাস্তবতায় দেশের অন্য যেকোনো অঞ্চল থেকে সিলেটে বাল্যবিবাহের সংখ্যা বেশি।সুনামগঞ্জের খাসপাড়া, মঙ্গলঘাট, জাহাঙ্গীরনগর, সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট এলাকা ঘুরে বাল্যবিবাহের শিকার একাধিক মেয়ের সঙ্গে কথা হয়। তাদের বেশির ভাগেরই ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে পড়ার সময় বিবাহ হয়েছে। প্রতিবেদকের সঙ্গে কথা বলার এক পর্যায়ে অভিভাবকেরা ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করে বিবাহ দেওয়ার কথা স্বীকার করেন। কীভাবে ভুয়া জন্মনিবন্ধন সনদের ব্যবস্থা হচ্ছে, বলতে গিয়ে খাসপাড়ার একাধিক অভিভাবক বলেন, চেয়ারম্যান আর কাজিরে কিছু টাকা ধরিয়ে দিলেই হয়। কেউ বলেন, গ্রামের মেয়েদের জন্মনিবন্ধন সনদ ওই একবার দেখালেই চলে, অন্য কোথাও লাগে না। তাই বিবাহের কাজ সারতে যেনতেন একটা বানিয়ে দেয় আরকি। বাল্যবিবাহ ও ভুয়া জন্মসনদ তৈরি বা জন্মসনদ না দেখে অপ্রাপ্তবয়স্কদের বিবাহ দেওয়া বা কাবিন না করে শুধু বিয়ে পড়িয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে মঙ্গলঘাটের কাজি মোহাম্মদ শাহেদ আলী এককথায় জানিয়ে দেন, ‘আমি বাল্যবিয়ে দিই না।’ প্রমাণ আছে জানানো হলে বলেন, ‘আগে এসব এলাকায় ছোট মেয়েদের বিয়ে হতো। এখন সবাই সচেতন, এখন আর হয় না।’ তাঁর দেওয়া দুই-তিনটা বাল্যবিবাহের প্রমাণ দেখানো সম্ভব, জানালে তিনি অনবরত না বলতে থাকেন। একপর্যায়ে অধৈর্য হয়ে বলেন, ‘জোড়া মিলাই রাখসে আল্লায়। আমরা কে না বলনের?’ তবে এর পর পরই বলেন, যেসব অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিবাহ দিয়েছেন, তাদের কোনো উপায় ছিল না। কেননা তারা হয় এতিম, নয় অসহায়। সিলেট এলাকায় বাল্যবিবাহের সঙ্গে সঙ্গে কাবিন ছাড়া বিবাহ দেওয়ার প্রবণতাকে আত্মহত্যার শামিল বলে মন্তব্য করেন ব্যারিস্টার সারা হোসেন। তিনি বলেন, একজন মেয়ের অধিকার তার কাবিন। সেটা না থাকলে মেয়েটির স্বামী তাকে বউ হিসেবে স্বীকৃতি নাও দিতে পারে। একে তো বাল্যবিবাহ, তার ওপর কাবিন ছাড়া বিবাহ দিতে রাজি হওয়া মানে মেয়েটির ভবিষ্যত্ সম্পর্কে অভিভাবকদের কোনো ভাবনা না থাকা। বাল্যবিবাহ সচেতনতা কার্যক্রম সরকারিভাবে নেওয়ার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। বাল্যবিবাহ ঠেকাতে সরকারের করণীয় কী হতে পারে—এ প্রশ্নে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, সরকারের পক্ষ থেকে প্রচারণার ধরন পাল্টাতে হবে। বাল্যবিবাহ আইন দিয়ে রোধ করার পাশাপাশি মেয়েটির শরীরের জন্য কতটা ক্ষতিকর, অল্পবয়সী মায়েরা কী করে অপুষ্টিতে ভুগে সন্তান প্রসব করেন এবং নিজেও মৃত্যুঝুঁকিতে থাকেন, এ বিষয়গুলো গ্রাম্য মোড়লের মাধ্যমে জানানোর ব্যবস্থা করতে হবে। শুধু আইন দিয়ে এটার সমাধান হবে না।