ডাক নাম: ‘টারবুনেটর’, ‘ভাজ্জি’, ‘সনু’জন্ম: ৯ জুলাই, ১৯৮০, জলন্ধর, পাঞ্জাবউচ্চতা: ৫ ফুট ১১ ইঞ্চিপ্রিয় ও অন্যান্যক্রিকেটার: স্টিভ ওয়াহ, কপিল দেব, শচীন টেন্ডুলকারঅন্য খেলা: লন টেনিসঅন্য খেলার তারকা: রজার ফেদেরার, রোনালদিনহোমাঠ: ইডেন গার্ডেনশখ: ড্রাইভিংখাবার: সব খাবারই পছন্দ, বেশি পছন্দ থাই ফুডগায়ক: নুসরাত ফতেহ আলি খান, গুরদাস মান, জাসবির জাসিব্যান্ড: ওয়েস্টলাইফচলচ্চিত্র: সাদমা, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেচলচ্চিত্র অভিনেতা: অমিতাভ বচ্চন, আর্নল্ড শোয়ার্জনেগারঅভিনেত্রী: সুস্মিতা সেন, অ্যাঞ্জেলিনা জোলিক্রিকেটে বন্ধু: যুবরাজ সিং, আশিস নেহরা (ভারতে), অ্যাডাম গিলক্রিস্ট, সাকলাইন মুশতাক, পল ওয়াইজম্যানছুটি কাটানোর স্থান: সঙ্গে বন্ধুরা থাকলে অস্ট্রেলিয়া, কাছের কেউ থাকলে ওয়েস্ট ইন্ডিজ, মালদ্বীপক্রিকেট মাঠ নয়, ট্রাকের ড্রাইভিং সিটে বসে তাঁর এখন দাবড়ে বেড়ানোর কথা আমেরিকার রাজপথ। টেলিভিশনের পর্দায় বিভিন্ন পণ্যের মডেল হিসেবে নয়, হয়তো তাঁকে দেখা যেত জলন্ধরের খুচরা যন্ত্রপাতির ব্যবসায়ী হিসেবে। বছর দশেক আগে যে কঠিন বাস্তবতা হরভজন সিংকে ঠেলে দিচ্ছিল ক্রিকেটেরই বাইরে!২০০০ সালে বাবার হঠাৎ মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়েছিল হরভজনদের পরিবারের ওপর। ৮টি টেস্ট ও ১৩টি ওয়ানডে খেলে জাতীয় দল থেকে বাদ পড়া অফ স্পিনারের ক্যারিয়ার তখন দিশাহীন। বল ছোড়ার অভিযোগ ওঠার পর ইংল্যান্ডে গিয়ে সাবেক স্পিনার ফ্রেড টিটমাসের অধীনে অ্যাকশন শুধরেছেন, কিন্তু সংশয়টা তখনো পুরোপুরি দূর হয়নি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ক্রিকেট একাডেমি থেকেও ছুড়ে ফেলা হয়েছে। পাঁচ বোনের একমাত্র ভাই হরভজনের চোখে তখন অন্ধকার। সংসারের হাল ধরতে হবে, বোনদের বিয়ে দিতে হবে। একবার ভাবলেন, বাবার খুচরা যন্ত্রের ব্যবসায় ঢুকবেন। আমেরিকায় ট্রাক ড্রাইভার হওয়ার প্রস্তাব পেলেন একজনের কাছ থেকে; ভালো আয়ের কথা ভেবে সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। কিন্তু বাবার স্বপ্ন পূরণের প্রতিজ্ঞার কাছে শেষ পর্যন্ত কোনো কিছুই পাত্তা পায়নি।বাবার স্বপ্ন— ছেলে দেশের হয়ে ক্রিকেট খেলবে অনেক অনেক দিন। ছেলেবেলায় জুডো, কারাতে, কাবাডি, ক্রিকেট—সব খেলতেন হরভজন, আর ভাংড়া নাচতেন যেকোনো উৎসবে। একদিন হঠাৎ বাবাকে এসে বললেন, ‘আমি ক্রিকেটার হতে চাই।’ ছেলের কথায় এমন কিছু একটা ছিল, তাতে ভবিষ্যতের ছবিটা দেখে ফেলেছিলেন বাবা সারদেভ সিং। রায়ও দিয়ে দিয়েছিলেন, ‘আজ থেকে তুই শুধু ক্রিকেটটাই খেলবি, আর কিছু করতে হবে না।’ চাচাতো ভাই ব্যাডমিন্টন কোচ কারতার সিং হরভজনকে নিয়ে গেলেন ক্রিকেট কোচ চরণজিত সিংয়ের কাছে। কয়েক দিন দেখে কিশোর হরভজন সম্পর্কে চরণজিতের মূল্যায়ন, ‘ওকে দিয়ে বোলিংটা তো কোনো দিনই হবে না, খুব কষ্ট করলে বড়জোর মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারে।’ হরভজন হতাশ হলেও অনুশীলন থেমে থাকল না।চরণজিত মারা যাওয়ার পর চাচাতো ভাই এবার নিয়ে গেলেন আরেক কোচ দেবিন্দর অরোরার কাছে। একবার বোলিং অ্যাকশন দেখেই অরোরা শুধু বললেন, ‘হবে’। ব্যস, ব্যাপক উৎসাহে শুরু হলো অনুশীলন। দিনে ছয় ঘণ্টা। এর মধ্যে টানা এক ঘণ্টা শুধু এক স্টাম্পে বোলিং। দিনে তিনবার সাইকেল চালিয়ে যেতেন অরোরার ক্যাম্পে। মাঝেমধ্যে সন্ধ্যার পরও চলত অনুশীলন, অরোরার স্কুটারের হেডলাইটের আলোয়!হাড়ভাঙা খাটুনির সুফল পেতে দেরি হয়নি। পাঞ্জাব অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রাদেশিক টুর্নামেন্টে অভিষেকেই ১২ উইকেট, তৃতীয় ম্যাচে ১১ উইকেট। মাত্র ১৫ বছর বয়সেই ডাক পেয়ে যান ভারতের অনূর্ধ্ব-১৯ দলে! ঘরোয়া ক্রিকেট ও ১৯৯৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের সুবাদে ওই বছরই টেস্ট ও ওয়ানডেতে অভিষেক। অবশ্য দলে জায়গা হারাতে হয় দ্রুতই। এরপর এল ২০০০ সালের সেই উথাল-পাথাল করে দেওয়া সময়। দুঃসময় কাটিয়ে ওঠা হরভজনের পুনর্জন্ম ২০০১ সালের অস্ট্রেলিয়া সিরিজে। যে জন্য ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন, সেই সংসার কিন্তু তিনি সামলেছেন নিপুণভাবে। বাবা মারা যাওয়ার দুই বছরের মধ্যে বড় তিন বোনের বিয়ে দিয়েছেন। নিজে এখনো বিয়ে করেননি, বার দুয়েক অবশ্য বিয়ের গুজব রটেছিল। বলিউড অভিনেত্রী ও মডেল গীতা বসরার সঙ্গে সম্পর্কের কথা শোনা গিয়েছিল। সব উড়িয়ে দিয়ে হরভজন জানিয়ে দিয়েছেন, বিয়ে করবেন পরিবারের পছন্দের কোনো শিখ মেয়েকে।বাবা একবার বলেছিলেন, ‘অর্জনের পাল্লা যত ভারী হবে, ততই বিনয়ী হতে শিখবে।’ মাঠে নামলে অবশ্র সেই উপদেশ ভুলে যান প্রায়ই। জীবনের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টেই এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন উচ্ছৃঙ্খল উদ্যাপনের জন্য। সাইমন্ডসকে গালিগালাজ করা, শ্রীশান্তকে থাপ্পড় মারা—কত যে বিতর্কে জড়িয়েছেন! একবার তো শিখদের প্রতীক মাথার পাগড়ি ছাড়াই একটি পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়ে শিখদের শীর্ষ সংগঠন এসজিপিসির তোপের মুখেও পড়েছিলেন। এই মানুষটিই কিন্তু আবার ভারতীয় দলে দারুণ জনপ্রিয়। ড্রেসিং রুম মাতিয়ে রাখেন সব সময়। সতীর্থদের মজার সব নামও আসে তাঁর মাথা থেকে। ঘনিষ্ঠরা বলেন, হরভজনের সঙ্গে থাকলে এক মুহূর্ত গোমড়ামুখে থাকার জো নেই। গান খুব পছন্দ, আইপডে হাজার বিশেক গান থাকে সব সময়ই।এমন বিপরীতমুখী চরিত্র দেখে অবাক হচ্ছেন? হরভজনের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলে প্রথমেই চোখে পড়বে এমন একটা বাক্য—আবেগপ্রবণ, ভয়ডরহীন, লড়ে যেতে প্রস্তুত শেষ রক্তবিন্দু দিয়ে।হরভজনকে বোঝানোর জন্য এই একটা লাইনই যথেষ্ট! আরিফুল ইসলাম