হরিণ মেরে খেয়েছেন দুই প্রহরী
সরকারি আগ্নেয়াস্ত্র দিয়ে হরিণ মেরে বন ফাঁড়িতে তা রান্না করে খেয়েছেন দুই বনকর্মী। এ অভিযোগে ২ সেপ্টেম্বর ওই দুই বনপ্রহরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সুন্দরবনের পূর্ব অংশের কচিখালী অভয়ারণ্যে এ ঘটনা ঘটেছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, কচিখালী অভয়ারণ্যের কর্মকর্তা খলিলুর রহমান পাঁচ দিনের ছুটিতে বাড়ি থাকার সময় লাল মিঞা ও জাকির হোসেন দুটি হরিণ মারেন। খলিলুর রহমানের নামে ইস্যু করা দাপ্তরিক ‘নোট বহিতে’ বনপ্রহরীরা লেখেন বাঘের উপদ্রব টের পেয়ে জাকির হোসেন ও লাল মিঞার নামে ইস্যু করা দুটি রাইফেল দিয়ে ফাঁকা গুলি ছোড়া হয়। ১২ জুলাই খলিলুর রহমান কাজে যোগ দিয়ে স্থানীয়দের কাছ থেকে শোনেন, জাকির হোসেন ও লাল মিঞা হরিণ মেরে এনে বন বিভাগের কার্যালয়ে রান্না করে খেয়েছেন। তিনি আরও খোঁজখবর করে ঘটনার সত্যতা বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হন। বিষয়টি অবগত হয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো দুই প্রহরীকে সাময়িক বরখাস্ত করেন। জাকির হোসেন ও লাল মিঞাকে বন বিভাগের বাগেরহাট কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিভাগীয় মামলা দায়ের করা হয়নি। বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী হরিণ মারার শাস্তি হিসেবে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। বন কর্মকর্তা মিহির কুমার দো এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, হরিণ হত্যার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে দুই বনপ্রহরীকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় মামলা দায়ের করা হবে। সুন্দরবন থেকে বাঘের বাচ্চা পাচারের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে সেপ্টেম্বর মাসেই একজন কর্মকর্তাসহ পাঁচজন বনকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়। সুন্দরবনের বাঘ ও বন্য প্রাণী নিয়ে কাজ করেন এমন একজন গবেষক প্রথম আলোকে বলেন, সুন্দরবনের বন বিভাগের এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের হরিণ ও অন্য বন্য প্রাণী শিকারের ঘটনা প্রায়ই ঘটে। পর্যটক কম থাকার সময়ে বনকর্মীরা হরিণ শিকার করে খান। সুন্দরবনে চোরা শিকারিদের হরিণ নিধনেও অনেক বনকর্মী সহযোগিতা করে থাকেন। ২০১০ সালে বন্য প্রাণী ট্রাস্ট এবং জুওলজিক্যাল সোসাইটি অব লন্ডনের এক জরিপে দেখা গিয়েছিল, সুন্দরবনের বাঘের প্রধান খাদ্য হিসেবে পরিচিত হরিণের সংখ্যা প্রতিবছরই কমছে। এতে খাদ্যসংকট দেখা দেওয়ায় বাঘ প্রায়ই জনবসতিতে হানা দিচ্ছে।