হরিণের মাংস-চামড়াসহ দুই শিকারি আটক
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের শুঁটকিপল্লি থেকে গতকাল শনিবার বিকেলে দুই শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে হরিণের ১০ কেজি মাংস, চামড়া ও নাইলনের দড়ির দুটি ফাঁদ উদ্ধার করা হয়। আজ রোববার সকালে তাঁদের বাগেরহাটের জেলহাজতে পাঠানো হয়েছে।আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের আ. লতিফ মোল্লা (৩৫) ও রামপাল উপজেলার মাদারদিয়া গ্রামের হাসান হাফিজুর (২২)। শরণখোলা বেঞ্জ কর্মকর্তা (এসিএফ) কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল গতকাল বিকেলে শুঁটকিপল্লিতে অভিযান চালায়। সেখানে দুই শিকারিকে আটক করা হয়। এ সময় তাঁরা হরিণের মাংস ভাগাভাগি করছিলেন। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে শুঁটকিপল্লির একটি ঘরে তল্লাশি চালিয়ে হরিণের চামড়া ও ফাঁদ উদ্ধার করা হয়। দুজনের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।