হরিণের মাংস ভাগাভাগির সময় দুজন গ্রেপ্তার
সুন্দরবন থেকে শিকার করে আনা ২০ কেজি হরিণের মাংস, হরিণের একটি মাথা, চামড়া ও ধারালো অস্ত্রসহ দুই শিকারিকে আটক করেছেন বন কর্মীরা। তবে এ সময় তাঁদের আরেক সহযোগী পালিয়ে যান। এ ঘটনায় একটি মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। গতকাল শনিবার গভীর রাতে বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের তালতলা বাজারের একটি ঘর থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন, শরণখোলা উপজেলার মোশাররফ খলিফা এবং ফিরোজ সওদাগর। গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যবী বিকাশ চন্দ্র জানান, গতকাল দুপুরের পর কোনো এক সময় সুন্দরবনের নাংলি ও ধানসাগর ক্যাম্পের মধ্যবর্তী এলাকা থেকে তাঁরা গুলি করে হরিণটি শিকার করেন। উদ্ধারকৃত চামড়ায় গুলির তিনটি ছিদ্র রয়েছে। ব্যবহূত আগ্নেয়াস্ত্র সম্পর্কে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, হরিণের মাংস ভাগ করার সময় ওই দুজনকে তালতলা বাজারের একটি ঘর থেকে বন কর্মীরা হাতেনাতে আটক করেন। তাঁদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।