হল খুলছে আজ, কাল থেকে ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হচ্ছে আজ শনিবার। কাল রোববার থেকে শুরু হচ্ছে ক্লাস। হল খুলে দেওয়া ও ক্লাস শুরুসংক্রান্ত বিষয় নিয়ে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উপাচার্য মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সব হলের প্রাধ্যক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সভা হয়। সভায় ২৩ দিন ছুটি শেষে আজ বেলা চারটার দিকে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া কাল থেকে প্রতিটি বিভাগে ক্লাস শুরু হচ্ছে।১ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরদিন বিকেল থেকে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে ঈদের ছুটি এক সপ্তাহ এগিয়ে এনে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক গতকাল প্রথম আলোকে বলেন, ‘কাল (আজ) থেকে সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সহযোগিতা চেয়েছেন তিনি।