হল নির্মাণের দাবিতে আজও বিক্ষোভ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ, ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর ও বেদখলে থাকা পুরোনো হলগুলো উদ্ধার করাসহ পাঁচ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো আজ সোমবার আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১০টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী মানববন্ধন করেন। পরে ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাঁরা। এ সময় প্রশাসনিক ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের তৃতীয় দিনেও হল নির্মাণের বিষয়ে তাঁদের কোনো আশ্বাস দেওয়া হয়নি। তাই দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার সকাল আটটায় পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় এলাকায় অবস্থান ধর্মঘট পালন করা হবে। এ ছাড়া লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় এলাকায় এবং দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় কয়েকটি টায়ারে আগুন ধরিয়ে দিয়ে প্রায় এক ঘণ্টা গুলিস্তান-সদরঘাট সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে গুলিস্তান-সদরঘাট সড়কের যাত্রীদের তীব্র যানজটে পড়তে হয়।বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান। লিখিত বক্তব্যে বলা হয়, আগামীকাল মঙ্গলবার ও পরের দিন বুধবার হরতালের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় এই দুই দিন কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার নতুন কর্মসূচি দেওয়া হয়েছে। ওই দিনের কর্মসূচিতে বাধা দিলে বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর জন্য দায়ী থাকবে। বক্তব্যে আরও বলা হয়, প্রশাসন আলোচনার প্রস্তাব দিলেও তাতে সাড়া দেননি শিক্ষার্থীরা। কারণ গত সাত বছরে অনেক আলোচনা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়ে তাঁরা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, প্রশাসনিক ভবনের তালা কয়েক মিনিট পরই ভেঙে ফেলা হয়েছে।