হল নির্মাণের দাবিতে মানববন্ধন করবেন জগন্নাথের শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ, বেদখল ১০টি হল উদ্ধারসহ পাঁচ দফা দাবিতে আজ রোববার সকাল থেকে গুলিস্তান-সদরঘাট সড়ক অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরে এক সংবাদ সম্মেলনে আগামীকালের মানববন্ধন ও অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন তাঁরা।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১০টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে থেকে প্রায় পাঁচ হাজার সাধারণ শিক্ষার্থী ‘মেসে আর থাকব না, হল আমার ঠিকানা’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। এরপর তাঁরা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাত বছর পার হলেও তাঁদের আবাসনের ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। বেদখল হওয়া হাবিবুর রহমান হলটি প্রায় দেড় বছর আগে উদ্ধার করা হলেও আইনগত জটিলতা এখনো কাটেনি। এ ছাড়া ছাত্রীদের একটি হল নির্মাণের জন্য আড়াই বছর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরকারের কাছ থেকে ৪০ কোটি টাকা পেলেও এখনো স্থান নির্ধারণ করেনি। তাই নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে গুলিস্তান-সদরঘাট সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা ক্যাম্পাসে থাকা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা সরিয়ে নেওয়ার দাবিতে ব্যাংকের মূল ফটক ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশি বাধায় তাঁরা ফিরে যান। পরে বেলা দুইটা পর্যন্ত ওই সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। ওই এলাকায় বিক্ষোভের সময় সরকারি কবি নজরুল কলেজের ভেতর থেকে ছোড়া ইটের আঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ইখতিয়ার হাসান আহত হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়।বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষার্থীরা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান। লিখিত বক্তব্যে বলা হয়, আন্দোলনের দ্বিতীয় দিনেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি। তাই দাবি আদায়ে আগামীকাল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন ও পরে সেখান থেকে মিছিল নিয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে অবস্থান ধর্মঘট পালন করার কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি মানা না হলে আগামী সপ্তাহ থেকে ক্লাস বর্জন ও লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে। এর পরও যদি দাবি মানা না হয়, পুরান ঢাকায় লাগাতার হরতাল দেওয়া হবে।এদিকে আজ অধিকাংশ বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, হলের জন্য জমি ক্রয় করতে চেয়ে আজ কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। জমি পেলেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কাজ শুরু করা হবে।