হল-মার্ক কেলেঙ্কারি, সোনালী ব্যাংকের আরও তিন কর্মকর্তা গ্রেপ্তার
হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা হলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মীর মহিদুর রহমান, প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন ও ডিজিএম মো. সফিজউদ্দিন আহমেদ। আজ রোববার রাজধানীর রমনা এলাকা থেকে ওই তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশের হাতে সোপর্দ করে দুদকের তদন্ত দল। তদন্ত দলের প্রধান ও দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে তাঁদের গ্রেপ্তার করা হয়। তিনজনকে ইতিমধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন) শাখা থেকে ভুয়া এলসির মাধ্যমে হল-মার্কের অর্থ আত্মসাতের ঘটনায় গত ৪ অক্টোবর রমনা মডেল থানায় ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাত জন এবং সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণা, জাল-জালিয়াতি, অর্থ আত্মসাত্, পরস্পরের যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।মীর মো. জয়নুল আবেদীন প্রথম আলো ডটকমকে বলেন, ‘কাল সোমবার গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে।’