হল-মার্ক কেলেঙ্কারির সঙ্গে সরকারের উচ্চমহলের যোগাযোগ আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত লাল পতাকা মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেনন এ মন্তব্য করেন। হল-মার্কের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এই মানবন্ধনের আয়োজন করা হয়। সভায় মেনন বলেন, ‘হল-মার্ক কেলেঙ্কারি এক দিন-দুই দিনে ঘটেনি। আর এর সঙ্গে কেবল তানভীর মাহমুদ একাই জড়িত নন। কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারের উচ্চমহলের সবাই জানত। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর দ্বারাই প্রমাণিত, সরকারের উচ্চমহলের ব্যক্তিদেরও এতে যোগসাজশ আছে।’ রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশে দেখা গেছে, মালিকপক্ষ নানা কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকে, আর এর ফলাফল ভোগ করতে হয় শ্রমিকদের। কিন্তু তাঁদের তো দোষ নেই। তাই প্রশাসক নিয়োগ করে হলেও হল-মার্কের ১৫ হাজার শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করতে হবে।’সব বেসরকারি কোম্পানিতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘একটি বা দুটি কোম্পানির জন্য পুরো বেসরকারি খাতকেই দায়ী করা যাবে না। আর প্রচলিত আইনেই যুবকের মতো ডেসটিনি ও হল-মার্কে প্রশাসক নিয়োগ দেওয়া সম্ভব।’কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমালোচনা করে রাশেদ খান মেনন বলেন, ‘সরকার হল-মার্কের বিষয়টি গুরুত্ব দিতে চায়নি। সংবাদমাধ্যমে বিষটি প্রকাশ হওয়ার পর অর্থমন্ত্রী বলেছেন, এই টাকা কোনো বড় ঘটনা নয়। এতে বোঝা যায়, অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি সম্পর্কে অবহিত ছিল।’জাসদের কেন্দ্রীয় নেতা শিরীন আখতার বলেন, ‘একজন ব্যক্তির অপকর্মের দায় পুরো প্রতিষ্ঠানের শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। তাই হল-মার্কের ১৫ হাজার শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করতে হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘দেশের সাধারণ মানুষের টাকা যিনি লুটে খেতে চান, তাঁকে এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এ রকম কেলেঙ্কারি করার সাহস না পায়।’ হল-মার্কের লুট হওয়া টাকা কোথায় গেল, কত টাকা বিদেশে পাচার হয়েছে, সেসব তথ্য জানানোর দাবিও জানান তিনি। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন সভায় সভাপতিত্ব করেন। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল আহসান, যুব মৈত্রী সাধারণ সম্পাদক সাব্বাহ আলী প্রমুখ সভায় বক্তব্য দেন।সভায় বক্তারা বলেন, ৩০ অক্টোবর হঠাৎ করে হল-মার্কের সব কারখানা বন্ধ ঘোষণা করায় ১৫ হাজার শ্রমিক বেকার ও অসহায় অবস্থায় আছে। কিন্তু হল-মার্কের কর্ণধারদের ব্যক্তিগত হিসাবে প্রায় তিন হাজার কোটি টাকা আছে। কাজেই শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে হবে। সমাবেশ থেকে সাত দিনের মধ্যে হল-মার্কের শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস-ভাতা না দিলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।