হল-মার্ক গ্রুপের সব কারখানা বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালী এলাকায় অবস্থিত বহুল আলোচিত হল-মার্ক গ্রুপের সব কটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঈদুল আজহার ছুটির মধ্যে গত সোমবার রাতে কোনো কারণ উল্লেখ না করেই বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।এর আগে ২৪ ও ২৫ অক্টোবর প্রতিষ্ঠানের কর্মকর্তারা কারখানা এলাকায় স্থাপিত খামার থেকে পাঁচ শতাধিক গরু চুরি করে বাইরে বিক্রি করে দেন। অথচ ২২ অক্টোবর সোনালী ব্যাংক কর্তৃপক্ষ হল-মার্ক গ্রুপের স্থাবর-অস্থাবর সব সম্পদের নিরাপত্তা বিধানের অনুরোধ জানিয়ে পুলিশকে চিঠি দেয়।সাভার থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বেতন, ঈদ বোনাস ও অতিরিক্ত কাজের পারিশ্রমিকের দাবিতে ঈদের আগে বিক্ষোভ করেন হল-মার্ক গ্রুপের শ্রমিকেরা। ২৫ অক্টোবর শ্রমিকদের শুধু সেপ্টেম্বর মাসের বেতন দিয়ে সব কটি কারখানায় ঈদের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘হল-মার্ক কর্তৃপক্ষ সোমবার রাতে কারখানাগুলোর মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়। কারখানা বন্ধের কারণ জানা যায়নি। কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করলে আমাদের করার কিছু নেই।’ পুলিশ জানায়, গতকাল সকালে কোনো শ্রমিক কর্মস্থলে না এলেও কয়েকজন কর্মকর্তা উপস্থিত হন। তাঁরা বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হন। একপর্যায়ে তাঁরা কয়েকটি নোটিশ ছিঁড়ে ফেলে চলে যান। গতকাল হল-মার্ক গ্রুপের কারখানায় গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। আনসার ও নিরাপত্তাকর্মীরা কারখানাগুলো পাহারা দিচ্ছিলেন। পুলিশকে চিঠি দেওয়ার পর গরু চুরি: ২২ অক্টোবর সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ঢাকা জেলার পুলিশ সুপারকে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, হল-মার্ক গ্রুপের সব স্থাবর-অস্থাবর সম্পদ সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ। তাই এসব সম্পদের নিরাপত্তা বিধানে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। চিঠির অনুলিপি ঢাকা জেলা প্রশাসক, সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার ও সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) দেয় সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ওই চিঠি দেওয়ার পর ২৪ ও ২৫ অক্টোবর হল-মার্ক গ্রুপের কয়েকজন কর্মকর্তা কারখানা এলাকায় স্থাপিত খামার থেকে পাঁচ শতাধিক গরু চুরি করে বাইরে বিক্রি করে দেন। বিশাল আয়তনের হল-মার্ক গ্রুপের খামারে আড়াই হাজারের বেশি গরু রয়েছে। হল-মার্ক গ্রুপের নিরাপত্তাকর্মীসহ পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা বলেন, হল-মার্কের কর্মকর্তারা চুরি করে গরু বিক্রি করে দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। হল-মার্কের স্থাবর-অস্থাবর সম্পদের নিরাপত্তার ব্যবস্থা করা প্রসঙ্গে মশিউদ্দৌলা বলেন, সোনালী ব্যাংক চাইলে সম্পদ রক্ষায় কারখানা এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা যেতে পারে। সোনালী ব্যাংকের দুই হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলামকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।