হল-মার্কের চেয়ারম্যান আত্মসমর্পণের পর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১১ মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলামকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে।জেসমিন ইসলাম গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জয়নব বেগমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গতকাল জেসমিন ইসলামের পক্ষে শুনানি করেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (প্রসিকিউটর) মোহাম্মদ আলী। তিনি আদালতকে বলেন, আসামি জেসমিন ইসলাম আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছেন। তিনি জামিনে মুক্তির পর এর অপব্যবহার করেননি, তাই জামিন পেতে পারেন।দুদকের আইনজীবী মোশাররফ হোসেন জামিন আবেদনের বিরোধিতা করেন। এর আগে ৭ ফেব্রুয়ারি ওই ১১ মামলায় হল-মার্কের চেয়ারম্যান জেসমিনকে জামিন দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক। পরে এ জামিন আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন জনৈক নাজিম আহমেদ। শুনানির পর ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট জেসমিন যাতে দেশত্যাগ না করতে পারেন, সে জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি ও বিচারককে তলব করেন হাইকোর্ট।পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি ১১টি মামলায় জেসমিনের জামিন বাতিল করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক। একই সঙ্গে তাঁকে তিন দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে তিনি গতকাল আদালতে আত্মসমর্পণ করেন।হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক।