হল-মার্কের পোশাক কারখানা চালু করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক গ্রুপের বন্ধ হয়ে যাওয়া ৩৪টি পোশাক কারখানা চালুর দাবি করেছে ৪০টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়।এতে হল-মার্ক গ্রুপের পোশাকশ্রমিকসহ বিভিন্ন পোশাকশ্রমিক সংগঠনের নেতারা যোগ দেন। হল-মার্ক গ্রুপের পোশাকশ্রমিকদের বেতন, উত্সবভাতার প্রায় দুই হাজার ৫০০ কোটি টাকা পরিশোধের দাবি জানানো হয়। সমাবেশ শেষে সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের কাছে স্মারকলিপি দেন ৪০টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা।সমাবেশে বক্তারা বলেন, হল-মার্ক গ্রুপের কাছে ব্যাংকের টাকা ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এর শ্রমিকদের পাওনা টাকার বিষয়ে কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। তাঁরা বলেন, হল-মার্কের ৩৪টি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ১৭ হাজার শ্রমিক এখন বেকার। গত অক্টোবর মাসের বেতন ও ঈদ বোনাস পাননি তাঁরা। এ সমস্যা দূর করতে প্রয়োজনে মালিকানা পরিবর্তন করে হল-মার্ক গ্রুপের বন্ধ পোশাক কারখানাগুলো দ্রুত চালু করার ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান তাঁরা।