হল-মার্কের সঙ্গে সমঝোতা করেনি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্কের সঙ্গে সরকার কোনো সমঝোতা করেনি বলে অর্থ মন্ত্রণালয় গতকাল শনিবার পাঠানো এক বিবৃতিতে বলেছে। অর্থ মন্ত্রণালয় বলেছে, হল-মার্কের সঙ্গে সরকার সমঝোতা করেছে বা হল-মার্কের বিষয়ে সরকার নমনীয় বলে অর্থমন্ত্রীর সাম্প্রতিক এক মন্তব্য নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে যে প্রশ্ন উঠেছে, তা সত্য নয়।বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে ৪০ হাজার শ্রমিক পরিবার রক্ষা ও ৫০০ কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতিসহ পাঁচ হাজার ৬০০ কোটি টাকার সম্পদ সুরক্ষা ও বৈদেশিক মুদ্রা আয়ের পথ উন্মুক্ত রেখে গার্মেন্টসশিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচান-সংক্রান্ত একটি আবেদন করে হল-মার্ক। এর পরিপ্রেক্ষিতে ১৯ মার্চ হল-মার্ক গ্রুপের যাবতীয় সম্পদ ও আয়-ব্যয়ের একটি বিবরণী তৈরি করতে সোনালী ব্যাংককে বলা হয়। হল-মার্ক গ্রুপের সম্পদ থেকে তার দায়-দেনা নিয়মিত করে ব্যাংকিং কার্যক্রম চালুসহ ব্যবসায়িক কার্যক্রম আবারও কীভাবে চালু করা যায়, সে বিষয়ে স্বয়ংসম্পূর্ণ একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে সোনালী ব্যাংককে বলা হয়। হল-মার্ক কেলেঙ্কারিতে জড়িত কাউকে রক্ষা করার কোনো উদ্দেশ্য সরকারের নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা হচ্ছে, হল-মার্কের যেসব পণ্য উৎপাদনের কারখানা রয়েছে, সেগুলোকে চালুর জন্য বিবেচনা করা হোক। চালু এসব কারখানায় পণ্য উৎপাদন করলে হল-মার্কের যেমন আয় হবে, তেমনি অনেক শ্রমিকের কর্মসংস্থান হবে এবং পাশাপাশি সোনালী ব্যাংকেরও পাওনা আদায়ের ব্যবস্থা হবে।বিবৃতিতে বলা হয়, ১২ মার্চ হল-মার্কের আবেদনের ওপর অর্থমন্ত্রী বলেছেন, এত বড় জালিয়াত-দস্যুর সম্পদ বিবরণী বা আয়-ব্যয়ের হিসাব কি কেউ প্রস্তুত করেছেন। সোনালী ব্যাংকেরই তো মূল দায়িত্ব। সেখানে অবশ্যই কী করে শনাক্তকৃত সম্পদের সদ্ব্যবহার হতে পারে, তা দেখা দরকার। সে জন্য প্রয়োজনে প্রশাসক দিয়ে কারখানা চালু করার চিন্তা করতে হবে। এ বিষয়ে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন সোনালী ব্যাংক থেকে চাওয়া যেতে পারে।সুতরাং, অর্থ মন্ত্রণালয় হল-মার্কের বিষয়ে নমনীয় বলে সংবাদমাধ্যমে যে কথা বলা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। হল-মার্কের কারখানা কীভাবে চালু করা হবে, সে বিষয়ে সোনালী ব্যাংকের সুপারিশ এখনো মন্ত্রণালয়ে আসেনি এবং এ সুপারিশ পাওয়ার পরই মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত গ্রহণকালে সুধী সমাজের অভিমত বিশেষভাবে বিবেচনা করা হবে।বিবৃতিতে বলা হয়, হল-মার্ক বিষয়ে মন্ত্রণালয়ের নীতি হচ্ছে, হল-মার্ক হোতাদের জালিয়াতি ও দুর্নীতির শাস্তি, হল-মার্কের পরিচালনা পর্ষদ থেকে ব্যবস্থাপনা পর্যন্ত এবং ব্যাংকের বিভিন্ন স্তরের যেসব কর্মকর্তা জড়িত তাঁদেরও শাস্তি, হল-মার্কের যেসব কর্মকাণ্ড কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ও আয়ের পথ তৈরি করে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে সে জন্য প্রশাসক নিয়োগ করা।