হল-মার্কের সব কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারে অবস্থিত ঋণ কেলেঙ্কারির জন্য আলোচিত হল-মার্ক গ্রুপের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়েছে। ঈদের আগে বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকেরা এখনো ছুটিতে রয়েছেন।এদিকে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপারের কাছে লিখিত এক চিঠিতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছিলেন, হল-মার্কের প্রতিষ্ঠানের সব স্থাবর-অস্থাবর সম্পদ ব্যাংকের কাছে দায়বদ্ধ। এই সম্পত্তি যাতে কেউ হস্তান্তর বা তছরুপ করতে না পারে, এর নিরাপত্তা বিধানে ওই চিঠিতে অনুরোধ জানানো হয়েছিল। এর পরও ঈদের আগে হল-মার্ক কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠান থেকে ৫০০ গরু গোপনে বিক্রি করে দিয়েছে বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। সাভার থানার পুলিশের একটি নির্ভরশীল সূত্রও গরু বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হল-মার্কের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গরু বিক্রির বিষয়ে পরে কথা বলবেন বলে জানান তিনি।কারখান বন্ধ ও নিরাপত্তার কারণে এ বিষয়ে হল-মার্কের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।