হল-মার্কের সম্পত্তি নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হল-মার্ক গ্রুপের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া বা অধিগ্রহণ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। আজ রোববার জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী সাংসদ সাধনা হালদারের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। জাতীয় পার্টির সাংসদ সালমা ইসলাম এবং বিএনপির অনুপস্থিত সাংসদ এ এম মাহাবুব উদ্দিন খোকনের পৃথক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, হল-মার্ক গ্রুপসহ অন্যান্য গ্রুপের সোনালী ব্যাংকসহ ব্যাংকিং খাতের অর্থ কেলেঙ্কারির ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে।অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে সোনালী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে আর্থিক অনিয়ম উদঘাটিত হয়েছে। হল-মার্কসহ ছয়টি গ্রুপের নামসর্বস্ব প্রতিষ্ঠান নিজেদের মধ্যে স্থানীয় এলসি স্থাপন, অভ্যন্তরীণ বিল ক্রয়, ভুয়া রপ্তানি বিল ক্রয়, অ্যাকোমোডেশন বিল সৃষ্টি এবং প্যাকিং ক্রেডিট সুবিধার মাধ্যমে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ৩ হাজার ৫৪৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।একই ধরনের জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের গুলশান শাখায় ১০৬ কোটি ৮১ লাখ এবং আগারগাঁও শাখায় ১৪১ কোটি টাকা জালিয়াতি হয়েছে বলেও মন্ত্রী জানান।সোনালী ব্যাংক ছাড়াও রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের লোকাল অফিস থেকে মেসার্স মাদার টেক্সটাইল মিলস লিমিটেড ২১৭ কোটি ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা উদঘাটিত হয়েছে। এ ছাড়া অগ্রণী, জনতা ও বেসিক ব্যাংকের কিছু গ্রাহকের হিসাবে কিছু জাল-জালিয়াতি ও অনিয়ম সংঘটিত হয়েছে, যার পরিদর্শন কার্যক্রম চলমান।অর্থমন্ত্রী বলেন, জালিয়াতি ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মামলাগুলো দুদকে পাঠানো হয়েছে। দুদক জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।হল-মার্ক ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের পদক্ষেপ বিষয়ে সাধনা হালদারের প্রশ্নের জবাবে আবুল মাল আবদুুল মুহিত বলেন, ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক ব্যাংকিং কার্যক্রম যাতে সংঘটিত না হতে পারে, সে জন্য শাখা পর্যায়ের ইনল্যান্ড বিল ক্রয় (আইবিপি) করার ক্ষমতা খর্ব করে প্রধান কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সোনালী ব্যাংকের এডি শাখাগুলোর কার্যক্রম তদারকির জন্য এডি ব্রাঞ্চেস ইনসপেকশন অ্যান্ড মনিটরিং ডিভিশন নামে একটি পৃথক ডিভিশন খোলা হয়েছে। তিনি বলেন, হল-মার্ক গ্রুপের সম্পত্তি সরেজমিনে পরিদর্শন করে দলিলপত্র সম্পর্কে নিশ্চিত হওয়া ও মূল্যায়নের জন্য সোনালী ব্যাংক কর্তৃক পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সম্পত্তি মূল্যায়নের জন্য ব্যাংক কর্তৃক সার্ভে কোম্পানি নিয়োজিত করা হয়েছে।১০৭টি হাইব্রিডের বিপরীতে দেশি ধান ৮০টি: বিএনপির অনুপস্থিত সাংসদ রাশেদা বেগমের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ১৯৯৮-২০১২ সাল পর্যন্ত ১০৭টি হাইব্রিড ধানের জাত চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়েছে। অপরদিকে ৮০ প্রজাতির দেশি ধান আবাদ করা হচ্ছে।কৃষিমন্ত্রী জানান, হাইব্রিড ১০৭টির মধ্যে বর্তমানে প্রায় ৩৫-৪০টি জাতের ধান কৃষক পর্যায়ে আবাদ হয়। অন্যদিকে আমন, আউশ ও বোরোর প্রায় ৮০টির মতো দেশি প্রজাতির ধান আবাদ হচ্ছে।বিএনপির অপর অনুপস্থিত সদস্য মুহাম্মদ মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কৃষকদের মাঝে বিনা মূল্যে সাধারণত সার দেওয়া হয় না। তবে কৃষি পুনর্বাসন প্রকল্পের আওতায় গত সাড়ে তিন বছরে কিছু এলাকার কৃষকদের বিনা মূল্যে ৯৬ হাজার ৫২২ দশমিক ৯৫৫ মেট্রিক টন সার ও ৯ হাজার ১৮ দশমিক ২৭১ মেট্রিক টন বীজ বিতরণ করা হয়েছে। এ জন্য এক কোটি ৪৩ লাখ ৭৫ হাজার ৯০৯টি কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান করা হয়েছে।সুবিদ আলী ভূঁইয়ার অপর এক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী জানান, বর্তমান অর্থবছরে কৃষি খাতে এ পর্যন্ত চার হাজার ৭৮ কোটি ৭০ লাখ ভর্তুকি দেওয়া হয়েছে।লিজ নিয়ে বিমান চালানো লাভজনক নয়: বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেছেন, লিজ নিয়ে ফ্লাইট চালানো পুরোপুরি লাভজনক নয়। তবে লোকসান হলেও কিছু কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালিয়ে যেতে হবে। জাতীয় পার্টির সাংসদ হাফিজ উদ্দিন আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে ফারুক খান এ কথা জানান।এর আগে ফজলুল আজিমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর গত ২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরে বিমানের লোকসান ঠেকেছে ৪৬ কোটি দুই লাখ ও ১৯৯ কোটি ৪৯ লাখ টাকা।মন্ত্রী আরও জানান, বিগত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে প্রতিষ্ঠানটির বার্ষিক লাভ ছিল ৫ কোটি ৯১ লাখ ও ১৫ কোটি ৫৭ লাখ টাকা।এদিকে জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিমান অব্যাহত লোকসান দিচ্ছে, এ কথা সত্য নয়।মন্ত্রী জানান, নিজস্ব মাত্র আটটি উড়োজাহাজ দিয়ে বিমান বাংলাদেশ তাদের আন্তর্জাতিক ১৬টি রুটে চালাচ্ছে। তবে ওই আটটি বিমানে তা সম্ভব না হওয়ায় আরও চারটি উড়োজাহাজ ভাড়া করা হয়েছে। এর পরও দিল্লি, করাচি, ম্যানচেস্টার, মিলানের রুটগুলো বন্ধ আছে।