হল-মার্কের সম্পত্তির তালিকা চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত হল-মার্ক গ্রুপের দেশে-বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ২০ এপ্রিলের মধ্যে দুর্নীতি দমন কমিশন ও বিবাদীদের এ তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত এ-সংক্রান্ত রুলের শুনানি ওই দিন পর্যন্ত মুলতবি করেছেন।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিতে হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুলের বিষয়ে শুনানিকালে এ আদেশ দেন।এদিকে, হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিনের বিষয়ে ব্যাখ্যা জানিয়েছেন দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেন। দুদকের পক্ষে আনিসুল হক ও খুরশীদ আলম খান শুনানি করেন। জেসমিনের পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অমিত তালুকদার।পরে খুরশীদ আলম খান প্রথম আলো ডটকমকে জানান, হল-মার্ক গ্রুপের দেশ-বিদেশে থাকা সম্পত্তির তালিকা ২০ এপ্রিলের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে কোনো সম্পত্তি হস্তান্তর বা বিক্রি না করতে বলেছেন আদালত। হল-মার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় দুদকের করা ১১ মামলায় ৭ ফেব্রুয়ারি জেসমিনের জামিন মঞ্জুর করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক। এই জামিন স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধিতে আবেদন করেন নাজিম আহমেদ নামের এক ব্যক্তি। শুনানির পর ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট জেসমিন যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি ১১টি মামলায় জেসমিন ইসলামের জামিন বাতিল করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক। একই সঙ্গে তাঁকে তিন দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, এই সময়ের মধ্যে হাজির না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।এই আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার জেসমিন ইসলাম নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠান আদালত।জেসমিনের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।জানা যায়, হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন।