হল-মার্কের ২৬০টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ
সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় হল-মার্ক গ্রুপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির ১১টি মামলায় ২৬০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ২২টি ব্যাংকে থাকা এসব হিসাবে ৩০ কোটি টাকা রয়েছে।ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক গতকাল বুধবার এসব ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন। ওই ১১ মামলার সাতজন তদন্ত কর্মকর্তা এসব ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, এসব ব্যাংক হিসাব এত দিন বাংলাদেশ ব্যাংকের নির্দেশে জব্দ ছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক ছয় মাসের বেশি এসব হিসাব আটক রাখতে পারে না। তাই আদালতে আবেদন করা হয়। তিনি বলেন, এই ২৬০টি ব্যাংক হিসাবে এক হাজার ৬০০ কোটি টাকার হিসাব থাকলেও বর্তমানে ৩০ কোটি টাকা রয়েছে। বাকি টাকা উদ্ধারে তদন্ত চলছে।ওই ১১ মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ সাতজনকে এবং সোনালী ব্যাংকের ২০ কর্মকর্তাকে আসামি করা হয়। সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে মোট দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৪ অক্টোবর রমনা মডেল থানায় এসব মামলা করে দুদক।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ২৬০টি হিসাবের মধ্যে এইচএসবিসিতে সাতটি, ইস্টার্ন ব্যাংক লিমিটেডে দুটি, আরব-বাংলাদেশ ব্যাংকে তিনটি, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে ১০টি, ওয়ান ব্যাংকে একটি, ব্র্যাক ব্যাংকে চারটি, দ্য সিটি ব্যাংকে পাঁচটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে একটি, ঢাকা ব্যাংকে ১২২টি, ন্যাশনাল ব্যাংকে ২৫টি, ডাচ্-বাংলা ব্যাংকে ১৩টি, মার্কেন্টাইল ব্যাংকে চারটি, প্রিমিয়ার ব্যাংকে তিনটি, অগ্রণী ব্যাংকে একটি, সোনালী ব্যাংকে ২৯টি, প্রাইম ব্যাংকে দুটি, জনতা ব্যাংকে ১৪টি, ইসলামী ব্যাংকে আটটি, আল আরাফাহ ইসলামী ব্যাংকে দুটি, যমুনা ব্যাংকে দুটি, সাউথইস্ট ব্যাংকে একটি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সে একটি হিসাব রয়েছে।