হল-মার্কের ২৬০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
হল-মার্ক গ্রুপের বিরুদ্ধে করা দুর্নীতির ১১টি মামলায় ২৬০টি ব্যাংক হিসাবে জমা ৩০ কোটি টাকা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।আজ বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) হল-মার্কের আসামিদের নামে থাকা ২২টি ব্যাংকের ২৬০টি ব্যাংক হিসাব জব্দের (ফ্রিজের) আবেদন করেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলো ডটকমকে বলেন, এসব ব্যাংক হিসাব এত দিন বাংলাদেশ ব্যাংকের নির্দেশে জব্দ ছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক ছয় মাসের বেশি এসব আটক রাখতে পারে না। তাই আদালতে আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, ২৬০টি ব্যাংক হিসাবে এক হাজার ৬০০ কোটি টাকা জমা থাকার কথা থাকলেও বর্তমানে ৩০ কোটি টাকা রয়েছে। গত বছরের ৪ অক্টোবর হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে থানায় ১১টি মামলা করে দুদক।আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন এবং সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। বর্তমানে তানভীর, তাঁর স্ত্রী এবং শ্যালক তুষার আহমেদ কারাগারে আটক আছেন।রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ভুয়া ঋণপত্রের (এলসি) মাধ্যমে ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের ৬ সদস্যের অনুসন্ধান দলের সদস্যরা বাদী হয়ে রমনা মডেল থানায় এসব মামলা করেন। প্রত্যেক আসামির বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাত্, পরস্পরের যোগসাজশ, ক্ষমতার ও অর্থের অপব্যবহার এবং মুদ্রা পাচারের অভিযোগ আনা হয়েছে।