হলফনামা মিথ্যা হলে সাংসদদের প্লট বরাদ্দ বাতিল করবে রাজউক
মিথ্যা হলফনামা দিয়ে রাজউকের প্লট বরাদ্দ পাওয়া ১৮ সাংসদের বিষয়ে তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি লিখবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংশ্লিষ্ট সাংসদদের আয়কর বিবরণীর সঙ্গে রাজউকে দেওয়া হলফনামার মধ্যে গরমিল থাকলে প্লট বরাদ্দ বাতিল করা হবে বলে আজ বুধবার প্রথম আলোকে জানান, রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা। তবে শুধু সাংসদ নন, রাজউকের প্লট বরাদ্দের জন্য মনোনীত যেকোনো নাগরিকের ক্ষেত্রে হলফনামায় অসংগতি থাকলে তাঁদের প্লটও বাতিল করা হবে।আজ প্রথম আলোয় ‘মিথ্যা হলফনামা দিয়ে উত্তরায় প্লট নিয়েছেন ১৮ সাংসদ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বেশ কয়েকজন সাংসদ রাজউকের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে টেলিফোন করে উদ্বেগ প্রকাশ করেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। জানা গেছে, সংশ্লিষ্ট সাংসদেরা জানতে চান, এখন তাঁদের কী করণীয় এবং প্লট পাওয়ার ক্ষেত্রে আসলেই প্রতিবন্ধকতা আছে কি না। সারা দিনই এ নিয়ে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাংসদেরা টেলিফোনে আলোচনা করেন। তবে রাজউক কর্তৃপক্ষ এ বিষয়ে সাংসদদের সুস্পষ্ট কোনো বক্তব্য না দিয়ে অপেক্ষা করার পরামর্শ দেন বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান।এদিকে আজ রাজউকের সচিব প্রশান্ত কুমার দাস স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, কোনো সাংসদকে এখনো প্লট বরাদ্দ দেওয়া হয়নি। শুধু প্রাথমিকভাবে প্লট বরাদ্দের জন্য মনোনীত করা হয়েছে। প্লট বরাদ্দের আগে সংশ্লিষ্ট সবার তথ্য এনবিআর থেকে যাচাই করা হবে। এ ছাড়া সবার আবেদনপত্র, হলফনামা ও আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে প্লট বরাদ্দের শর্ত অনুযায়ী যথাযথ পাওয়া গেলে তাঁদের নামে প্লটের চূড়ান্ত বরাদ্দপত্র দেওয়া হবে।